18.8 C
London
September 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নতুন সীমান্ত ব্যবস্থায় ভোগান্তি ঠেকাতে ব্রিটেনে ফরাসি সীমান্তরক্ষী বৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রবেশ-প্রস্থান ব্যবস্থা চালুর পর সম্ভাব্য ভোগান্তি মোকাবিলায় ব্রিটেনে অবস্থিত ফরাসি সীমান্ত চেকপয়েন্টগুলোতে অতিরিক্ত ফরাসি সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে।

নতুন ব্যবস্থায় প্রথমবার ইউরোপগামী যাত্রীদের পাসপোর্টের পাশাপাশি বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ ও মুখমণ্ডলের স্ক্যান নিবন্ধন করতে হচ্ছে। পরবর্তী তিন বছর পর্যন্ত একই যাত্রী কেবল মুখের স্ক্যানের মাধ্যমেই প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।

তবে বিভিন্ন সীমান্তকেন্দ্রে একই তথ্য একাধিকবার সংগ্রহের অভিযোগ উঠেছে, যার ফলে বিমানবন্দর এবং ডোভার বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিলম্ব দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সীমান্তে অতিরিক্ত জনবল নিয়োগ এবং নতুন পাসপোর্ট বুথ ও বহনযোগ্য নিবন্ধনযন্ত্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।

গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে যাত্রীদের দুর্ভোগ কমাতে যুক্তরাজ্য সরকার অতিরিক্ত দুই কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে। এর আগে এ খাতে এক কোটি পাঁচ লাখ পাউন্ড ব্যয় করা হয়েছিল।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, নতুন নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যাত্রীদের যাতায়াত যতটা সম্ভব নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। তার আশা, অতিরিক্ত অবকাঠামো ও জনবল মোতায়েনের ফলে ব্যস্ত ছুটির মৌসুমে সীমান্তে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সূত্রঃ আইটিভি ডট কম

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রথমবারের মতো মহিলা ডাক্তারদের সংখ্যা পুরুষ সহকর্মীদের ছাড়িয়ে গেছে

যুক্তরাজ্যের সিরিয়াল কিলার নার্সকে থাকতে হবে আমৃত্যু কারাগারে

নিপীড়নের অভিযোগ: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী