7.1 C
London
February 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নাহিদ ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগঃ প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ সোমবার এই রিট দায়ের করেন।

 

রিট আবেদনে অভিযোগ করা হয়, নাহিদ ইসলাম ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইনের পরিপন্থী। আবেদনে বলা হয়, তিনি ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারে উপদেষ্টা পদে থাকার সময় ডমিনিকার নাগরিকত্ব নেন।

আরও অভিযোগ করা হয়, নির্বাচনে অংশগ্রহণের সময় নাহিদ ইসলাম তার হলফনামায় এ তথ্য গোপন করেছেন। বিষয়টি নির্বাচন কমিশন যাচাই না করেই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে বলে রিটে উল্লেখ করা হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

ঢাকা-১১ আসনটি গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত এ রিট নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক সৃষ্টি করেছে। হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বন্দুকযুদ্ধে ‘নিহত’ আসামি আদালতে হাজির!

অনলাইন ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে রপ্তানির দুয়ার খুলছে বাংলাদেশের

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন শশী থারুর