12.6 C
London
September 12, 2026
TV3 BANGLA
আমেরিকাবাংলাদেশ

নিউইয়র্কে প্রশিক্ষণ ছাড়াই ৫০০ ডলারে ‘জাল সনদ’ দেওয়ার অভিযোগঃ দুই বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্মাণ শ্রমিকদের কর্মস্থল নিরাপত্তা প্রশিক্ষণ না দিয়েই অর্থের বিনিময়ে শত শত সনদ দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, প্রত্যেক ব্যক্তির কাছ থেকে ৫০০ ডলার নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন সনদ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি হলেন জ্যামাইকার বাসিন্দা লুৎফর রহমান এবং হাওয়ার্ড বিচের বাসিন্দা মোহাম্মদ তুষার। গত মঙ্গলবার কুইন্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্রুকলিন সুপ্রিম কোর্টে বিচারপতি ড্যানি চুনের আদালতে হাজির করা হলে জামিন দেওয়া হয়। আগামী ৪ নভেম্বর তাদের আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেজ এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশনের কমিশনার নাদিয়া আই সিহাটা এ বিষয়ে তথ্য দিয়েছেন।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, লুৎফর রহমান ও মোহাম্মদ তুষার কুইন্সের ১৪৬-০৪ হিলসাইড এভিনিউ এবং ব্রুকলিনের ৫২৯ ম্যাকডোনাল্ড এভিনিউতে ‘রেডকোড ইনক’ নামে দুটি অফিস পরিচালনা করতেন। এসব অফিস থেকে নির্মাণ শ্রমিকদের জন্য প্রয়োজনীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল।

এরিক গঞ্জালেজের বক্তব্য অনুযায়ী, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করে সনদ নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু তদন্তে অভিযোগ উঠেছে, লুৎফর ও তুষার প্রশিক্ষণ না দিয়েই শ্রমিকদের সনদ দেওয়ার ব্যবস্থা করতেন।

তদন্তকারীরা গত বছরের ২২ এপ্রিল থেকে চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত বিষয়টি অনুসন্ধান করেন। এ সময় তারা নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে রেডকোড ইনকের অফিসে যান। তদন্তকারীদের দাবি, লুৎফর রহমান ও মোহাম্মদ তুষার ৫০০ ডলারের বিনিময়ে প্রশিক্ষণ ছাড়াই ডিপার্টমেন্ট অব বিল্ডিংয়ের প্রশিক্ষণ সনদ এবং সাইট সেফটি ট্রেনিং বা এসএসটি সনদ দেওয়ার বিষয়ে সম্মত হন।

অভিযোগ অনুযায়ী, সনদ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ক্লাস বা প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রয়োজন ছিল না। লুৎফর ও তুষার তদন্তকারীদের জানিয়েছিলেন, আগের তারিখ দেখিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা হয়েছে। পরে তাদের কাছ থেকে জাল সনদ এবং ওএসএইচএ কার্ড দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেজ নির্মাণকাজের জায়গায় শ্রমিক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য যথাযথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই ব্যক্তি প্রশিক্ষণের ন্যূনতম প্রক্রিয়া অনুসরণ না করেই সনদ ইস্যু করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

নিউ ইয়র্কে নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিডিনিউজ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে কর্মস্থলে দুর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিসহ অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক নিহত ও আহত হয়েছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার পর ক্ষতিপূরণসংক্রান্ত মামলার সময় কিছু শ্রমিকের ওএসএইচএ কার্ড ও এসএসটি সনদের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তকারীদের ধারণা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই কিছু শ্রমিক এসব সনদ পেয়ে থাকতে পারেন।

তবে গ্রেপ্তার হওয়া লুৎফর রহমান ও মোহাম্মদ তুষারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনও হয়নি। আদালতে মামলার পরবর্তী কার্যক্রম ৪ নভেম্বর নির্ধারিত রয়েছে।

সূত্রঃ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

এল নিনোর প্রভাবে বাড়তে পারে গরমঃ তবে বাংলাদেশে চরম বিপর্যয়ের আশঙ্কা কম

ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম ‘খুন’

বিএনপি প্রার্থী হিসেবে বাংলাদেশে নির্বাচনে সাবিনা খান, ক্ষুব্ধ ব্রিটিশ সরকার