19.2 C
London
August 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির খেলা যেন থামছেই নাঃ আরএসএস এর বিরুদ্ধে হলেন সরব

নিউইয়র্ক সিটিতে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। আগামী ২৯ আগস্ট ম্যানহাটানে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভাগবত।

মঙ্গলবার এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে মামদানি বলেন, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ওই সমাবেশকে তিনি সমর্থন করেন না। তবে অনুষ্ঠানটি বেসরকারি হওয়ায় সেটি বাতিল করার এখতিয়ার সিটি কর্তৃপক্ষের রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

আয়োজকদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী শনিবার ম্যানহাটানে অনুষ্ঠেয় আয়োজনটির নাম ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ বা ‘সর্বজনীন ঐক্য উদ্‌যাপন’। এতে যুক্তরাষ্ট্রের হিন্দু-মার্কিন সম্প্রদায়ের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মামদানি তার আপত্তির ব্যাখ্যায় নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, তার পরিবার তাকে ভারতের যে ধারণার সঙ্গে পরিচয় করিয়েছিল, তা ছিল একটি বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র—যেখানে ভারতের প্রত্যেক মানুষকে সমানভাবে দেশের অংশ হিসেবে বিবেচনা করা হয়। তার মতে, এমন একটি হিন্দুত্ববাদী আন্দোলনের উত্থান উদ্বেগজনক, যার ভিত্তি বর্জনীয় একটি ধারণার ওপর প্রতিষ্ঠিত।

মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে এর আগেই আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি আরএসএসের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা ও অসহিষ্ণুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছে।

ইউএসসিআইআরএফের সদস্যরা যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আরএসএসের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভাগবত যুক্তরাষ্ট্রে গেলে তাকে কোনো ধরনের কূটনৈতিক সৌজন্য না দেখানোরও আহ্বান জানানো হয়েছে।

আগামী ২৯ আগস্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্ক সিটির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। যুক্তরাষ্ট্র সফরের পাশাপাশি তার কানাডা ও ইংল্যান্ডেও যাওয়ার কথা রয়েছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদর্শিক অভিভাবক সংগঠন হিসেবে আরএসএসকে উল্লেখ করা হয়। সংগঠনটি নিজেকে হিন্দুকেন্দ্রিক সভ্যতাভিত্তিক ও সাংস্কৃতিক আন্দোলন হিসেবে বর্ণনা করে এবং ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ অস্বীকার করে। আরএসএসের দাবি, হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই তাদের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ও সম্পত্তি উচ্ছেদ বা ভেঙে ফেলা, কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মতো বিভিন্ন বিষয় নিয়ে এসব সংগঠন ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।

এই পরিস্থিতিতে নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে মেয়র মামদানির আপত্তি যুক্তরাষ্ট্রে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনীতি ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে এনেছে। তবে অনুষ্ঠানটি বেসরকারি হওয়ায় সেটি বাতিল করা হবে কি না, সে বিষয়ে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

ইলন মাস্ককে সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেওয়ার পরামর্শ

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ করল ইরান

যুদ্ধবিধ্বস্ত গাজার নিউটন ১৫ বছরের কিশোর হাসসাম আল-আত্তা