ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন আয়োজন এবং পার্লামেন্ট বিলুপ্তির প্রস্তাব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল বিপুল ভোটে পাস হয়েছে। ১২০ সদস্যের মধ্যে ১১০ জন আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দেন, বিপক্ষে কোনো ভোট না পড়ায় এটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে দেশটিতে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে। ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইসরায়েলে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও ইঙ্গিত মিলছে যে, আগাম নির্বাচন হলে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে, নেসেটের এই সিদ্ধান্ত কার্যত সরকারের ওপর অনাস্থার ইঙ্গিত এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে। ফলে ইসরায়েলের রাজনীতি এখন এক অনিশ্চিত ও উত্তপ্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে।
সূত্রঃ রয়টার্স
এম.কে

