21 C
London
September 30, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচি আরও জোরদারের ঘোষণা ইরানের

ইরানের পরমাণু শিল্প ধ্বংসে শত্রুদের নানা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে দেশটির পারমাণবিক প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

মঙ্গলবার (১৮ আগস্ট) আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মোস্তফা ইজাদি বলেন, ইরানকে দুর্বল, উৎখাত ও খণ্ডিত করার লক্ষ্য নিয়ে শত্রুরা বিভিন্ন পরিকল্পনা ও সংঘাতে জড়িয়েছে। একই সঙ্গে দেশটির তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া, ইরানি-ইসলামি সভ্যতাকে দুর্বল করা, সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টকে ক্ষতিগ্রস্ত করা এবং ইরানের পরমাণু শিল্প ধ্বংস করার লক্ষ্যও ছিল তাদের।

তবে এসব প্রচেষ্টার কোনোটিই সফল হয়নি বলে দাবি করেন আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, ইরান শক্ত অবস্থান নিয়ে তার পারমাণবিক, বৈজ্ঞানিক ও উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

ইজাদি আরও দাবি করেন, ইরানের পরমাণু শিল্পে প্রবেশ কিংবা তা সম্পূর্ণভাবে ধ্বংস করার ক্ষেত্রেও শত্রুরা সফল হতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, আল্লাহর ওপর নির্ভরতা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন নিয়েও বক্তব্য দেন ইজাদি। তিনি বলেন, বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক বড় পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ইরানের সামরিক সক্ষমতার বিষয়েও জোর দেন আইআরজিসির উপ-প্রধান। তার দাবি, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি, শিল্প ও অর্থনৈতিক বাণিজ্যপথগুলোর অন্যতম হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে উল্লেখযোগ্য প্রতিরোধক্ষমতা দিয়েছে।

এই সামরিক সক্ষমতার কারণে ইরানের প্রতিপক্ষরা সতর্ক এবং অনেকটা নিষ্ক্রিয় অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইজাদি বলেন, ইরান-সমর্থিত প্রতিরোধ ফ্রন্টও ইসলামি বিপ্লবের আদর্শের সমর্থনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির মতো কৌশলগত প্রবেশপথে প্রভাব প্রতিষ্ঠার মাধ্যমে এই ফ্রন্ট আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির পারমাণবিক কর্মসূচি, সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি

এম.কে

আরো পড়ুন

‘ইরান এখন মৃত’ বলে ‘নতুন শত্রু’ চিহ্নিত করলেন ট্রাম্প

কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

রাজনৈতিক বৈষম্যের অভিযোগে জেপি মরগানের বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প