পূর্ব লন্ডনের একটি স্ট্রিট ফুড মার্কেট সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দারা ইঁদুরের উপদ্রব, আবর্জনার স্তূপ এবং রান্নার স্টল থেকে নির্গত ধোঁয়ার কারণে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পেটিকোট লেন ফুড কোর্ট। বাসিন্দাদের মতে, ফুড কোর্টের ব্যবসায়ীদের কার্যক্রমের ফলে ইঁদুরের সংখ্যা বেড়েছে এবং এলাকায় অসামাজিক আচরণও বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত পাবলিক শৌচাগার না থাকায় আবাসিক ভবনের গ্যারেজগুলো টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
তবে সংশ্লিষ্ট ফুড কোর্টটি ঐতিহাসিক পেটিকোট লেন মার্কেট থেকে আলাদা। এটি ২০০৯ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্ট্রিট ফুড স্টল নিয়ে পরিচালিত হয়ে আসছে।
একজন ব্যবসায়ী বিবিসি লন্ডনকে জানিয়েছেন, উত্থাপিত অভিযোগগুলোর কিছু অংশের “কোনো ভিত্তি নেই” এবং ব্যবসায়ীরা নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করছেন। তার মতে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো ফুড কোর্টকে দায়ী করা ঠিক নয়।
এদিকে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাটিতে পরিদর্শন পরিচালনা করে থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

