TV3 BANGLA
ছবি: রয়টার্স
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ৬ঃ আহত ১৬

পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক ব্রিটিশ নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক সামরিক ক্যাডেটকে শনাক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে উগ্র ডানপন্থি মতাদর্শে আকৃষ্ট থাকার অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বিকেলে ক্রাকোভের প্রধান মার্কেট স্কয়ার এলাকায় সামরিক পোশাক পরা এক ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশ করেন। এরপর তিনি সেখানে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। হামলায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং আহত হন আরও ১৬ জন।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে মিখাউ ও (Michał O) নামে শনাক্ত করেছে। তিনি ক্রাকোভ থেকে প্রায় ৮০ মাইল দূরের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ক্যাডেট বলে জানিয়েছে ডেইলি মেইল।

ঘটনার পর পুলিশ তার বসবাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন তার ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা এবং ২১ বছর বয়সী বোন। তবে পরিবারের তিন সদস্যের মৃত্যুর সঙ্গে হামলার সম্পর্ক কী, সে বিষয়ে তদন্ত চলছে।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির মধ্যে অত্যন্ত উগ্র মতাদর্শের প্রভাব ছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি উগ্র ডানপন্থি মতাদর্শে আকৃষ্ট ছিলেন। এর আগে তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড ছিল না।

হামলার পর পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন সন্দেহভাজন ব্যক্তি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে এবং অস্ত্রোপচার করা হয়েছে।

পুলিশ তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে ছিল একটি ডিবি কারবাইন, একটি পি৯৯ পিস্তল, একটি গ্লক পিস্তল এবং চীনে তৈরি বুলেটপ্রুফ ভেস্ট। উদ্ধার হওয়া কিছু অস্ত্র সন্দেহভাজন ব্যক্তির নিজের এবং অন্যগুলো তার বাবার নামে নিবন্ধিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হামলার আগে তার আচরণ নিয়ে প্রতিবেশীদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। প্রতিবেশীরা তাকে শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তাদের ভাষায়, তিনি সাধারণত মাথায় হুডি দিয়ে চলাফেরা করতেন এবং সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেন।

অন্যদিকে, তার সঙ্গে একই স্কুলে পড়েছেন এমন এক নারী জানিয়েছেন, স্কুলজীবন থেকেই ওই ব্যক্তির আঁকা কিছু ছবি ছিল উদ্বেগজনক। তিনি প্রায়ই গুলি চালানো, মানুষের ঝুলন্ত মরদেহ এবং স্কুলে বন্দুক নিয়ে প্রবেশের দৃশ্য আঁকতেন।

ওই নারী রেডিও এসকাকে বলেন, একবার শ্রেণিকক্ষে বসে ওই ক্যাডেট এমন একটি ছবি আঁকছিলেন, যেখানে একটি স্কুলে বন্দুকধারীর হামলা এবং চারদিকে মরদেহ পড়ে থাকার দৃশ্য দেখানো হয়েছিল। সহপাঠীরা ছবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, এটি স্কুলে হামলার দৃশ্য এবং তিনি নিজেই বন্দুক নিয়ে সেখানে প্রবেশ করছেন।

ওই নারী আরও জানান, অনলাইন ক্লাসের একটি ঘটনায় এক ব্যক্তি পুরোনো গ্যাস মাস্ক পরে ভিডিও কলে যুক্ত হয়েছিলেন। বন্ধুদের প্রশ্নের জবাবে সন্দেহভাজন ব্যক্তি বলেছিলেন, তিনি সন্ত্রাসী হতে চান। তবে সহপাঠীরা তখন এসব ঘটনাকে বাস্তব হামলার পূর্বাভাস হিসেবে বিবেচনা করেননি।

পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল ও রাশিয়ার নাগরিক রয়েছেন।

আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদের একজন জরুরি অস্ত্রোপচারের পরও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তাদের পরিচয় প্রকাশ করে সিনিয়র কনস্টেবল ইয়াকুব কুলিক ও আর্তুর মোরানস্কিকে ‘প্রকৃত বীর’ বলে অভিহিত করেছেন।

এ ছাড়া হামলায় ঘোড়ার গাড়ির দুই চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাকোভ হর্স-ড্রন ক্যারেজেস অ্যাসোসিয়েশনের সভাপতি ডোরোতা লিতভিৎস্কা।

ঘটনার পর প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ক্রাকোভ সফর করেন। তিনি এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, হামলার পেছনের কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

ইসলাম নিয়ে ব্রিটিশ এমপি রুপার্ট লোয়ের বক্তব্যঃ পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস ওয়াচডগে অভিযোগ

সৌদি শ্রমবাজারে বড় পরিবর্তনঃ গৃহকর্মীদের বেতন, ছুটি ও ন্যায্য আচরণে আইনি নিশ্চয়তা

যুক্তরাজ্যের হাইওয়েতে লাগানো গাছের চারা সব মৃত