8.7 C
London
October 23, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ইঙ্গিতঃ কারণ অজানা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে কার্যত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা। একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাউদ আলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় তিনি সেখানে ফিরবেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত পরামর্শমূলক কার্যক্রমের অংশ হিসেবে দাউদ আলী ঢাকায় রয়েছেন। তবে তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা মন্ত্রণালয় এখনো দেয়নি। তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে কি না, কিংবা তার স্থলাভিষিক্ত কে হবেন, তা-ও স্পষ্ট নয়। এ বিষয়ে কোনো কারণও প্রকাশ করা হয়নি।
এমন এক সময়ে এ ঘটনা সামনে এল, যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২০ অক্টোবর নিশ্চিত করেছে, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। পরে জাপানের প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এই সফরে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দাউদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিন দশকের কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জাপানে দায়িত্ব নেওয়ার আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও বুলগেরিয়ার দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২০ সালের মার্চে আওয়ামী লীগ সরকারের সময় তাকে রোমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দাউদ আলী। এ ছাড়া টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনেও কূটনৈতিক দায়িত্বে ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নেন দাউদ আলী।
ডেইলি ওয়াদার প্রতিবেদনে বলা হয়েছে, ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে দাউদ আলীকে রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করা ছিল।
সূত্রঃ ডেইলি ওয়াদা
এমকে

আরো পড়ুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবারঃ তারেক রহমান

বিজিবিকে বিশেষ অনুরোধ জানালো বিএসএফ

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিতঃ রণধীর জয়সওয়াল