TV3 BANGLA
বাংলাদেশ

প্রধানমন্ত্রী হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া ও খালেদার পুত্র তারেক রহমান

প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সুবাদে দলীয় প্রধান হিসাবে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

 

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের ইতিহাসে এক অভূতপূর্ব উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করেন কোটি কোটি ভোটার। যেখানে গড়ে ভোট প্রদানের হার ছিল প্রায় ৬২ শতাংশ। সংঘাত-সহিংসতার নানা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দেশব্যাপী একদিনে অনেকটা ঈদ উৎসবের মেজাজে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আসনের পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল ঘোষণা করতে পারেনি। তবে সারা দেশের প্রতিটি আসন থেকে নাগরিকের প্রতিনিধিদের পাঠানো সর্বশেষ সংবাদ এবং দলীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিএনপির বিজয় নিশ্চিত হয়েছে ২০৪টি আসনে। এছাড়া জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫০টি, চট্টগ্রাম বিভাগে ৪৯টি, বরিশাল বিভাগে ১৭টি, ময়মনসিংহে ১৮টি, সিলেটে ১৭টি, রংপুরে ১৪টি, রাজশাহীতে ২৮টি এবং খুলনা বিভাগে ১১টি।

অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জয়লাভ করেছে ৫৮টি আসনে। জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। তবে এসব ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্রঃ নাগরিক টিভি

এম.কে

আরো পড়ুন

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়— এমন ব্যবস্থা চায় বিএনপি

সত্যিই বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, পাত্রী কে?

ভাড়া বাসার আলিশান অফিসে বসেন সিলেটের এই পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক