TV3 BANGLA
বাংলাদেশ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃতভাবে প্রচারের অভিযোগঃ সংবাদ প্রত্যাহারের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একটি কথিত বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিকৃত, খণ্ডিত, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। এসব সংবাদ অবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত তথ্যের ভিত্তিতে সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে তার একটি কথিত মন্তব্যকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে আংশিক ও বিকৃত তথ্য প্রকাশ ও প্রচার করা হয়েছে। বিষয়টি তাদের নজরে এসেছে।

বিবৃতিতে তিনি জানান, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম একই দিন গণমাধ্যমের উদ্দেশে একটি স্পষ্ট ব্যাখ্যা ও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও এ বিষয়ে পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে একই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট মামলার কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার অনীক আর হক। চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে জানিয়েছেন, গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্যটি প্রধান বিচারপতি দেননি। বরং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

এই ব্যাখ্যার পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে ইতোমধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রাতিষ্ঠানিক মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদা ক্ষুণ্ন করে না, বরং সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বিচারপতিদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, সংযম ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, বিচারিক দায়িত্ব পালনের স্বার্থে বিচারপতিরা সাধারণত তাদের সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রকাশ্যে বিবৃতি দিতে পারেন না।

এ কারণে বিচারপতিদের বক্তব্য সম্পর্কে কোনো ভুল, বিভ্রান্তিকর কিংবা বিকৃত তথ্য প্রচারিত হলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায় বলে তিনি মনে করেন।

বিবৃতিতে সংশ্লিষ্ট সব গণমাধ্যম, সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা প্রধান বিচারপতির বক্তব্য সম্পর্কে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিত তথ্য প্রচার করেছেন, তারা যেন অবিলম্বে এসব সংবাদ প্রত্যাহার করেন এবং যথাযথ সংশোধনী প্রকাশ করেন।

দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বিবৃতিটি প্রকাশ করা হয়েছে ১৯ নভেম্বর ২০২৬ তারিখে।

সূত্রঃ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটির বেশি পাউন্ডের সম্পদ জব্দ

রেমিট্যান্স ছাড়ালো তিন বিলিয়ন ডলার

সৌদিতে বাংলাদেশি শ্রমিক: প্রতারিত, নির্যাতিত হয়ে খালি হাতে দেশে ফেরার গল্প