TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বললেন শিক্ষকঃ আদালতে গড়াল ঘটনা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলে কটূক্তি করার অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্য ও শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মামলা করেছে ওই কিশোর।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। তখন ১৪ বছর বয়সী ইউসুফ আবদুল্লাহ ক্যালিফোর্নিয়ার সাইপ্রেস হাইস্কুলের একজন শিক্ষার্থী ছিল। অ্যাডভান্সড প্লেসমেন্ট (এপি) ইংরেজি প্রোগ্রামে ভর্তি হতে না পেরে সে তার শিক্ষকের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে যায়।

এ সময় তার ইংরেজি শিক্ষক তাকে বলেন, ‘আমি সন্ত্রাসীদের সঙ্গে দরকষাকষি করি না। তারা ১৮ বছরের কম বয়সী।’ শিক্ষক এমন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছে ওই শিক্ষার্থী। ইউসুফ ফিলিস্তিনি-আমেরিকান এবং মুসলিম পরিবারের সন্তান।

অভিযোগ অনুযায়ী, স্কুলের একজন কাউন্সেলরও একাধিকবার ওই ‘সন্ত্রাসী’ মন্তব্যের পুনরাবৃত্তি করেন। অন্যদিকে, একজন সহকারী অধ্যক্ষ বিষয়টিকে নিছক একটি বাক্য বা কথার অভিব্যক্তি হিসেবে উড়িয়ে দেন।

বর্তমানে ১৬ বছর বয়সী ইউসুফ অ্যানাহেইম ইউনিয়ন হাইস্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা করেছে। তার অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ধর্মীয় ও জাতিগত পরিচয়ের কারণে বৈষম্যমূলক আচরণের প্রতিকার করেনি এবং তাকে সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে।

ইউসুফের আইনজীবী সামের হাব্বাস অরেঞ্জ কাউন্টি রেজিস্টারকে বলেন, ‘স্পষ্টতই স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।’

স্কুল ডিস্ট্রিক্টের নিজস্ব তদন্তেও একজন শিক্ষার্থীর প্রতি অবমাননাকর মন্তব্যের প্রমাণ পাওয়া যায় বলে জানা গেছে। ২০২৫ সালের মার্চে মানবসম্পদ বিভাগের পরিচালক অ্যামি মায়ার একটি চিঠিতে উল্লেখ করেন, ওই মন্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমানজনক ভাষা ব্যবহারের বিরুদ্ধে স্কুলের নীতিমালা লঙ্ঘন করেছে।

তবে কর্তৃপক্ষ জানায়, বিষয়টি প্রতিষ্ঠানের গোপনীয় কর্মী-সংক্রান্ত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। কিন্তু শিক্ষার্থীর আইনজীবীর দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, স্কুলের কর্মীরা ইউসুফের এডিএইচডি (মনোযোগ ও অতিসক্রিয়তাজনিত স্নায়ুবিক সমস্যা) রোগনির্ণয়ের তথ্য তার সহপাঠীদের কাছে প্রকাশ করেন। এরপর সহপাঠীরা তাকে ‘স্পেশাল এডুকেশন’ বা বিশেষ শিক্ষার শিক্ষার্থী বোঝাতে ‘স্পেড’ বলে বিদ্রূপ করতে থাকে।

অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনার কারণে ইউসুফ নিজের ফিলিস্তিনি ও মুসলিম পরিচয় নিয়ে লজ্জা ও মানসিক সংকোচে ভুগতে শুরু করে। এমনকি মুখে দাড়ি গজানো এড়াতে চেষ্টা করত এবং বাবা-মায়ের সঙ্গে প্রকাশ্যে চলাফেরা করতেও অস্বস্তি বোধ করত।

পরবর্তী সময়ে ইউসুফ অরেঞ্জ কাউন্টির অন্য একটি হাইস্কুলে ভর্তি হয়।

এদিকে, মামলাটি বাতিলের জন্য স্কুল ডিস্ট্রিক্টের আবেদন খারিজ করে দিয়েছেন অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক কিম্বার্লি এ নিল। ফলে মামলাটির বিচারিক কার্যক্রম এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছে।

ইউসুফের আইনজীবী সামের হাব্বাস বলেন, ‘একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম শিশুকে সন্ত্রাসী বলা সম্পূর্ণ অনুপযুক্ত। এটি একটি শিশুর মানবিক মর্যাদাকে ক্ষুণ্ন করে।’

সূত্রঃ নিউইয়র্ক পোস্ট

এমকে

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ

নিউজ ডেস্ক

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী

সৌদি আরবে ‘মোসাদ’এজেন্ট গ্রেপ্তার, ইরানকে ফাঁসানোর অভিযোগে নতুন উত্তেজনা