TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের জেরে সিঙ্গাপুরে নিষিদ্ধ ব্রিটিশ সংগীতদল ‘ম্যাসিভ অ্যাটাক’

ফিলিস্তিনের পতাকা প্রদর্শন এবং ‘স্বাধীন ফিলিস্তিন’ স্লোগান দেওয়ার ঘটনায় ব্রিটিশ সংগীতদল ম্যাসিভ অ্যাটাক-এর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওই ব্যান্ডের সদস্যদের আর সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি ব্যান্ডটির কোনো ভবিষ্যৎ সংগীতানুষ্ঠানের অনুমতিও দেওয়া হবে না।

বিখ্যাত গান ‘আনফিনিশড সিমপ্যাথি’ এবং ‘টিয়ারড্রপ’-এর জন্য পরিচিত এই ব্রিটিশ ব্যান্ডটি গত ২৯ জুলাই সিঙ্গাপুরের স্টার থিয়েটার-এ পরিবেশনা করে। অনুষ্ঠানের এক পর্যায়ে ব্যান্ডের দুই সদস্য ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেন এবং ‘স্বাধীন ফিলিস্তিন’ স্লোগান দেন।

সিঙ্গাপুরের কঠোর আইন অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি দেশের জাতীয় পতাকা বা জাতীয় প্রতীক প্রকাশ্যে প্রদর্শন করা বেআইনি।

গত ৩১ জুলাই সিঙ্গাপুর পুলিশ জানায়, ব্যান্ডের দুই সদস্যকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের সিঙ্গাপুরে পুনঃপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে দেশটির তথ্য ও গণমাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, প্রবেশ নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে ম্যাসিভ অ্যাটাক-এর কোনো পরিবেশনার আবেদনও অনুমোদন করা হবে না।

পুলিশ ও গণমাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়, জাতিগত ও ধর্মীয় সম্প্রীতি ক্ষুণ্ন করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডকে সিঙ্গাপুর অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। বিদেশিসহ সবাইকে দেশের অভ্যন্তরে বিদেশি রাজনৈতিক ইস্যু নিয়ে কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সিঙ্গাপুরের বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি সহজে অর্জিত হয়নি, তাই বাইরের কোনো ঘটনার প্রভাব দেশের সামাজিক ঐক্য ও আইনের শাসনের ওপর পড়তে দেওয়া হবে না।

এদিকে, ম্যাসিভ অ্যাটাক-এর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ম্যাসিভ অ্যাটাক গঠিত হয় ১৯৮৮ সালে যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে। বর্তমানে ব্যান্ডটিতে রয়েছেন রবার্ট ডেল নাজা এবং গ্রান্ট মার্শাল। অতীতে অ্যান্ড্রু ভাউলস ও অ্যাড্রিয়ান থজ ব্যান্ডটির সদস্য ছিলেন।

দীর্ঘ সংগীতজীবনে ব্যান্ডটি একাধিক সম্মাননা অর্জন করেছে। ১৯৯৬ সালে তারা সেরা ব্রিটিশ নৃত্যসংগীত দল হিসেবে ব্রিট পুরস্কার লাভ করে এবং ২০০৯ সালে ব্রিটিশ সংগীতে বিশেষ অবদানের জন্য আইভার নোভেলো পুরস্কার অর্জন করে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ম্যাসিভ অ্যাটাক। চলতি বছরের এপ্রিলে ব্যান্ডের প্রধান সদস্য রবার্ট ডেল নাজা লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার পর নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে সমর্থনের সন্দেহে গ্রেপ্তার হন।

এর এক সপ্তাহ পর ব্যান্ডটি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে, যেখানে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে ২০২৬ সালের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জনের আহ্বান জানানো হয়। চিঠিতে ইউরোপীয় সম্প্রচার সংস্থার প্রতি ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হলেও শেষ পর্যন্ত দেশটি প্রতিযোগিতায় অংশ নেয়।

চলতি বছরের শুরুতে এক দশকেরও বেশি সময় পর ম্যাসিভ অ্যাটাক নতুন প্রতিবাদধর্মী গান ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ প্রকাশ করে। এতে যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ এবং জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর শুরু হওয়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের দৃশ্য তুলে ধরা হয়।

বর্তমানে ব্যান্ডটি আন্তর্জাতিক সফরে রয়েছে। এ মাসে তাদের দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া-তে সংগীতানুষ্ঠান করার সূচি রয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে

আরো পড়ুন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধঃ অস্ট্রেলিয়ায় লাখো অ্যাকাউন্ট বন্ধ

ওমিক্রনের কারণে মাস্ক বাধ্যতামূলক করতে পারে ইংল্যান্ডের স্কুলগুলো

অনলাইন ডেস্ক

কাজের নিষেধাজ্ঞায় যুক্তরাজ্যে যৌন পেশায় ঠেলে দেওয়া হচ্ছে নারী আশ্রয়প্রার্থীদের