TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র গরমে বন্ধ গাড়িতে গরমে দুই শিশুর মৃত্যু

ফ্রান্সের দক্ষিণাঞ্চল ভোকলুজ অঞ্চলে তীব্র তাপপ্রবাহের মধ্যে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে দুই ও চার বছর বয়সী দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বাচ্চাদের দাদির বাড়ির বাগানের সামনে রাখা গাড়ির ভেতর থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃত অবস্থায় খুঁজে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শিশুরা মায়ের অজান্তে গাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। তবে পরবর্তীতে একটি পুলিশ সূত্র ফরাসি গণমাধ্যমকে জানায়, ৩৩ বছর বয়সী ওই মা কেনাকাটা করতে গিয়ে “নিজের সন্তানদের ভুলে গিয়েছিলেন” বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে জরুরি সেবার অধীনে নেওয়া হয়েছে।

কার্পঁত্রা এলাকার সরকারি কৌঁসুলির দপ্তর থেকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। বুধবার শিশুদের মরদেহের ময়নাতদন্ত করা হবে, যাতে মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি নির্ধারণ করা যায়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, চরম তাপমাত্রাই মৃত্যুর প্রধান কারণ হতে পারে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে পৌঁছান, যখন বাইরের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বিশেষজ্ঞদের মতে, বন্ধ গাড়ির ভেতরের তাপমাত্রা অল্প সময়ের মধ্যেই ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা প্রাণঘাতী।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শরীরের আকার ছোট হওয়ায় তারা অতিরিক্ত গরমে দ্রুত পানিশূন্যতা ও অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকে, ফলে অল্প সময়েই মৃত্যু ঘটতে পারে।

স্থানীয় এলাকায় এ ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। এক প্রতিবেশী জানান, ফায়ার সার্ভিসের সাইরেন শুনে তারা প্রথমে কিছু বুঝতে পারেননি, পরে জানতে পারেন দুই শিশুর মৃত্যু হয়েছে। তিনি বলেন, এমন ঘটনা কল্পনাও করা যায় না।

আরেক প্রতিবেশী জানান, কেউ বলছেন শিশুরা লুকোচুরি খেলছিল, আবার কেউ বলছেন কেনাকাটা থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা এখনও স্পষ্ট নয়।

এদিকে ফ্রান্সজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রায় এক হাজার তিনশ পঞ্চাশটি স্কুল বন্ধ রাখা হয়েছে এবং জনগণকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ লেক ও নদীতে গিয়ে ঠান্ডা হওয়া থেকেও বিরত থাকতে বলেছে, কারণ সাম্প্রতিক দিনগুলোতে পানিতে ডুবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের অর্ধেকের কাছাকাছি এলাকায় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই তাপপ্রবাহ দুই হাজার তিন সালের ভয়াবহ গরমের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে প্রায় পনেরো হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

কারাবন্দীদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর ব্যবস্থা করলো ইতালি

‘বিশ্বের সেরা’র শিরোপা পেল বাসমতী চাল

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবেঃ ট্রাম্প