19.5 C
London
October 4, 2026
TV3 BANGLA
আমেরিকাবাংলাদেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য স্বস্তিঃ ট্রাম্প প্রশাসনের ভিসা নীতি আটকালো আদালত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালত রায়ে বলেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই পদক্ষেপ ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী এবং তাদের আইনগত এখতিয়ারের বাইরে গিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিচারক জিনেট ভার্গাস তার রায়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্দিষ্ট জাতীয়তার আবেদনকারীদের অভিবাসী ভিসা স্থগিত করা বিদ্যমান আইন লঙ্ঘন করেছে। কারণ মার্কিন অভিবাসন আইন অনুযায়ী কনস্যুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের ক্ষমতায় এ ধরনের হস্তক্ষেপ কঠোরভাবে সীমাবদ্ধ।

আদালত আরও উল্লেখ করেন, শুধু জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা বন্ধ করে দেওয়া দেশের বিধিবদ্ধ কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এই নীতির বিরুদ্ধে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (CLINIC), আফ্রিকান কমিউনিটিজ টুগেদারসহ কয়েকটি অধিকারভিত্তিক সংগঠন, ভিসা আবেদনকারী এবং তাদের মার্কিন নাগরিক স্বজনরা।

চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, অ্যালবেনিয়া, বসনিয়া এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত হন। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব দেশের অভিবাসীরা ভবিষ্যতে মার্কিন সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিয়ে আসছেন। এর আগে ৩৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বৈচিত্র্যময় ভিসা কর্মসূচি স্থগিতের মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল। সর্বশেষ অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত সেই নীতিরই অংশ হিসেবে কার্যকর করা হয়।

অধিকার রক্ষা সংগঠনগুলোর মতে, এই নীতি হাজারো পরিবারের পুনর্মিলনের সুযোগ বাধাগ্রস্ত করেছে এবং আবেদনকারীদের আইনি অধিকার ক্ষুণ্ন করেছে। তবে আদালতের রায় প্রকাশের পরও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়, গোপনে ভিডিও করায় এলডিপি নেতা বহিষ্কার

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

লাউয়াছড়া বনের মালিকানা দাবি করে সাইনবোর্ড