TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন এই ব্যবস্থার আওতায় আবেদন করতে পারবেন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার যে সমস্যা রয়েছে, তা কমিয়ে আনা এবং আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের প্রথমেই ডিজিটাল পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে আপলোড করে আবেদন জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত থাকা বাধ্যতামূলক।

জার্মান দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় আবেদনকারীদের নথিপত্রের প্রাথমিক যাচাই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। কোনো তথ্য বা কাগজপত্র অসম্পূর্ণ থাকলে আবেদনকারীরা অনলাইনে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের সুযোগ পাবেন। এতে সরাসরি সাক্ষাৎকার বা বায়োমেট্রিক দেওয়ার আগেই আবেদন প্রস্তুত করা সম্ভব হবে।

আবেদনের প্রাথমিক যাচাই সম্পন্ন হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সাক্ষাৎকার বা ব্যক্তিগত উপস্থিতির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন শিক্ষার্থীরা। ওই পর্যায়ে প্রয়োজনীয় মূল কাগজপত্র যাচাই, আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ এবং ভিসা ফি পরিশোধের কার্যক্রম সম্পন্ন হবে। অর্থাৎ, পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হলেও নির্দিষ্ট ধাপে আবেদনকারীদের ব্যক্তিগত উপস্থিতি প্রয়োজন হবে।

নতুন পোর্টালের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ। আবেদনকারীরা নিজেদের ডিজিটাল অ্যাকাউন্টে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা ও পরবর্তী করণীয় সম্পর্কেও তথ্য পাবেন।

তবে পুরোনো অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জার্মান দূতাবাসের তথ্য অনুযায়ী, আগের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হবে না। নতুন পোর্টালের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পুরোনো তালিকার আবেদনগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। ফলে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য দূতাবাসের নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

জার্মান দূতাবাস আশা করছে, নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে, আবেদন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে এবং শিক্ষার্থী ভিসার সামগ্রিক প্রক্রিয়া আরও কার্যকর হবে। তবে নতুন ব্যবস্থায় আবেদন করলেই দ্রুত ভিসা পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসার অন্যান্য শর্ত পূরণের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

নতুন ব্যবস্থায় আবেদন করতে আগ্রহীদের জন্য নির্ধারিত পোর্টাল হলো https://digital.diplo.de/ । বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা পাওয়া যাবে জার্মান দূতাবাস ঢাকার ওয়েবসাইটে।

সূত্রঃ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়

এমকে

আরো পড়ুন

সাবেক সেনা সদস্যের ভারত পলায়নের চেষ্টা ব্যর্থ, বড়লেখা সীমান্ত থেকে গ্রেপ্তার

ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স

দত্তকের আড়ালে শিশু কেনাবেচা, ফেসবুকে দরদাম—আইন ও নজরদারির ঘাটতিতে উদ্বেগ