TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারতঃ রণধীর জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা জানিয়েছে নয়াদিল্লি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি দেশটি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ও বজায় রাখাই নয়াদিল্লির ধারাবাহিক অবস্থান।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, ত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের পেছনে দিল্লিতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের ইন্ধন রয়েছে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। এর মাধ্যমে বিষয়টি নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা সরকারের করা অনুরোধের অগ্রগতি জানতে চাওয়া হলে ভারতীয় মুখপাত্র বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। এ সংক্রান্ত আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য পর্যালোচনার পরামর্শ দেন তিনি।

ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে চুক্তি নবায়ন কিংবা এ বিষয়ে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সওয়াল নতুন কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, গঙ্গাসহ অভিন্ন আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে কাজ করছে। এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনগুলোতে দেওয়া বক্তব্যের বাইরে নতুন করে কিছু বলার নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য না করার অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়েও সংবাদ সম্মেলনে নতুন কোনো অগ্রগতির তথ্য সামনে আসেনি।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এমকে

আরো পড়ুন

এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

সুদের হার কম, সঞ্চয়পত্রে বিনিয়োগের টাকা তুলে নিচ্ছে গ্রাহকরা