বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে বড় ধরনের রদবদল হয়েছে। আজ সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে।
রদবদলের অংশ হিসেবে আনসার ও ভিডিপির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদকে বিপসটের (বিআইপিএসওটি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ১১ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল তৌহিদ। অন্যদিকে বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসিহুরকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
চারটি পদাতিক ডিভিশনেও নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার বিদায়ী অধিনায়ক মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে।
এদিকে ৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাফিজ এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের জন্য পাঠানো হচ্ছে।
অন্যদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল ইমানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর মেজর জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের অধিনায়ক এবং মেজর জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ব্রিগেডিয়ার জেনারেল রাজুকেও মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে যোগ দেবেন।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
এমকে

