দেশে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ব্যাংককে লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান এবং নোভা ডিজিটাল ব্যাংক। বুস্ট ডিজিটাল ব্যাংকের সঙ্গে রবি আজিয়াটা এবং নোভা ডিজিটাল ব্যাংকের সঙ্গে বাংলালিংকের সংশ্লিষ্টতা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানকে এলওআই দেওয়া হবে। তবে এলওআই পাওয়ার অর্থ পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন নয়। পরবর্তী নিয়ন্ত্রক, আইনি ও অন্যান্য শর্ত পূরণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম শুরু করতে হবে।
জানা গেছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, আমার ডিজিটাল ব্যাংক, ৩৬ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ওই দুই প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংক স্থাপনের লাইসেন্স স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্তে কড়ি ডিজিটাল ব্যাংককেও নতুন শর্ত পূরণ সাপেক্ষে এলওআই দেওয়ার সুযোগ দেওয়ার কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
নতুন চারটি ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদনের ফলে দেশে শাখাভিত্তিক প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। তবে এসব ব্যাংক কবে থেকে গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ সেবা চালু করবে, তা পরবর্তী অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত পূরণের ওপর নির্ভর করবে।
সূত্রঃ বাংলাদেশ ব্যাংক
এমকে

