যুক্তরাজ্যের বার্মিংহামে অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য আবাসন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আবাসন খাতে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং অসহায় বাসিন্দাদের শোষণের ঝুঁকি নিয়ে সতর্ক করে তিনি বলেছেন, এই ব্যবস্থার মধ্যে ‘কিছু একটা গড়বড় আছে’ বলে তার সন্দেহ হচ্ছে।
প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বার্মিংহামে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পরিচালিত বিশেষ আবাসন খাতের কার্যক্রম নিয়ে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই আবাসন ব্যবস্থাটি ‘সাপোর্টেড এক্সেম্পট অ্যাকোমোডেশন’ (এসইএ) নামে পরিচিত। এখানে গৃহহীন, অসহায় ও বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হয়। আবাসনের পাশাপাশি বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও তত্ত্বাবধান দেওয়ার কথা।
বার্মিংহামে এ ধরনের আবাসন ব্যবস্থার অন্যতম বৃহৎ খাত রয়েছে। তবে এই খাতে ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়া এবং আবাসন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অসহায় মানুষদের সুযোগ নিয়ে অনিয়ম করার আশঙ্কা তৈরি হয়েছে।
শাবানা মাহমুদ তার নির্বাচনী এলাকা বার্মিংহামে এই আবাসন ব্যবস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মন্তব্য, পরিস্থিতির মধ্যে সন্দেহজনক কিছু রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
আবাসন খাতের ব্যয় বৃদ্ধি, সেবার মান এবং ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাধীন তদন্তের দাবি জোরালো হচ্ছে। প্রস্তাবিত তদন্তের মাধ্যমে এ খাতের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং অর্থ ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

