TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হলে কী করবে ব্রিটেনঃ পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি

ব্রিটেনে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, সাইবার হামলা কিংবা প্রাকৃতিক দুর্যোগে একযোগে বিদ্যুৎ, পানি, যোগাযোগ ও জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মোকাবিলায় ৭২ ঘণ্টার বিশেষ প্রস্তুতি নিচ্ছে সরকার ও বিভিন্ন জরুরি সংস্থা। এমন পরিস্থিতিকে বলা হচ্ছে ‘ব্ল্যাক স্কাই’ (Black Sky) ইভেন্ট। এ ধরনের বিপর্যয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সম্পূর্ণ অচল হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সরকারের ‘বি রেডি’ (Be Ready) প্রচারণায় নাগরিকদের সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সরকার জানিয়েছে, দেশের বিদ্যুৎ গ্রিডের ওপর নির্দিষ্ট কোনো হুমকি নেই। মূলত ভয়াবহ আবহাওয়া, সাইবার হামলা এবং অন্যান্য জাতীয় জরুরি পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ৫ ডিসেম্বর ইংল্যান্ডের ল্যাঙ্কাস্টার শহরে ভয়াবহ বন্যার কারণে রাত ১০টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে শহরের প্রায় ৬১ হাজার ৫০০ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। ঘরের আলো ও গরম রাখার ব্যবস্থা বন্ধ হওয়ার পাশাপাশি পানি সরবরাহেও সমস্যা দেখা দেয়। কারণ, পানি সরবরাহের কিছু পাম্প বিদ্যুতের ওপর নির্ভরশীল ছিল।

এ ছাড়া রেলস্টেশন, পেট্রল স্টেশন ও দোকানপাট বন্ধ হয়ে যায়। অধিকাংশ এটিএম মেশিন অকার্যকর হয়ে পড়ে এবং ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যায়। মোবাইল যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়। সে সময় কার্যকর থাকা যোগাযোগের প্রধান মাধ্যম ছিল তামার তারের পুরোনো ল্যান্ডলাইন টেলিফোন এবং এফএম রেডিও।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও নিরাপত্তা ব্যবস্থার অধ্যাপক রজার কেম্প ওই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর শহরের পরিস্থিতি অনেকটা জম্বি সিনেমার মতো হয়ে গিয়েছিল। মানুষ মোবাইল ফোনে নেটওয়ার্ক খুঁজছিল এবং কোথায় কী হচ্ছে তা জানার চেষ্টা করছিল। একটি সচল টেলিফোন বুথের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক সমাজের প্রায় সব গুরুত্বপূর্ণ পরিষেবা বিদ্যুতের ওপর নির্ভরশীল। ফলে কয়েক দিন বিদ্যুৎ না থাকলে শুধু আলো কিংবা গরমের সমস্যা নয়, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, খাদ্য সরবরাহ, ব্যাংকিং এবং যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে।

যুক্তরাজ্যের ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস কমিশনের চেয়ারম্যান লর্ড হ্যারিস সতর্ক করে বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে পানি সরবরাহও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, জলাধার থেকে পানি সরবরাহের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। একই সঙ্গে পানি চলাচল বন্ধ হয়ে গেলে পয়োনিষ্কাশন ব্যবস্থায় বর্জ্য জমে ব্লকেজ তৈরি হতে পারে এবং নর্দমার পানি উপচে পড়তে পারে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিবিসি নিজস্ব জরুরি সম্প্রচার পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনা অনুযায়ী, বড় ধরনের বিপর্যয় দেখা দিলে বিবিসির প্রায় ১০০ জন কর্মী নিয়ে একটি বিশেষ জরুরি রেডিও স্টুডিও চালু করা হবে। সেখানে ইন্টারনেটনির্ভর নয়, এমন সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা থাকবে। পাশাপাশি অন্তত তিন দিন চলার মতো জ্বালানি, পানি ও খাবারের মজুত রাখা হবে।

জরুরি সম্প্রচার কেন্দ্র থেকে সরকার আগে থেকেই তৈরি করে রাখা নির্দেশনা প্রচার করা হবে। এসব নির্দেশনায় প্রতিদিন কতটুকু পানি পান করতে হবে এবং ফ্লাশ করার মতো পানি না থাকলে কীভাবে টয়লেটের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, সে বিষয়েও পরামর্শ রয়েছে।

বিবিসির জরুরি সম্প্রচার এফএম রেডিওর মাধ্যমে চালানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সম্প্রচার টাওয়ারগুলোকে ইন্টারনেট থেকে আলাদা রাখা হবে এবং জেনারেটর চালানোর জন্য সেখানে ৫০০ থেকে ৪০ হাজার লিটার পর্যন্ত ডিজেল মজুত রাখার ব্যবস্থা রয়েছে। এসব জেনারেটর অন্তত তিন দিন সম্প্রচার চালু রাখতে পারবে।

জরুরি পরিস্থিতিতে সাংবাদিকদের একটি নির্বাচিত দল দেশের বিভিন্ন জরুরি কেন্দ্র থেকে স্যাটেলাইট যানবাহনের মাধ্যমে তথ্য পাঠাবেন। যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করা হবে। সেগুলোও কাজ না করলে বিকল্প যোগাযোগের জন্য আগে থেকে নির্ধারিত নিয়ম ও সাক্ষাতের স্থান থাকবে।

বিবিসির এক সূত্র জানিয়েছে, আগে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা বিবেচনা করা হয়েছিল। তবে জাতীয় জ্বালানি ব্যবস্থার অপারেটর এনইএসওর (NESO) সর্বশেষ পরামর্শ অনুযায়ী, দুই থেকে তিন দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালের এপ্রিলে স্পেন, পর্তুগাল ও দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ইউরোপের দেশগুলোর মধ্যে এ ধরনের প্রস্তুতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

ব্রিটিশ সরকার জরুরি পরিস্থিতিতে মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগ সচল রাখার বিকল্প ব্যবস্থাও তৈরি করছে। এ লক্ষ্যে উচ্চ আকাশে দীর্ঘ সময় উড়তে সক্ষম বিশেষ বিমানভিত্তিক প্রযুক্তি বা হাই অল্টিটিউড সিউডো-স্যাটেলাইট (এইচএপিএস) উন্নয়নে ৭ কোটি পাউন্ড ব্যয় করছে সরকার। এসব বিমান জরুরি পরিস্থিতিতে অন্তত এক সপ্তাহ পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ দেওয়ার সক্ষমতা তৈরি করবে।

তবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও উদ্বেগ রয়েছে। লর্ড হ্যারিসের মতে, জরুরি পরিষেবাগুলোর প্রচলিত রেডিও যোগাযোগ ব্যবস্থা সরিয়ে মোবাইল নেটওয়ার্কভিত্তিক প্রযুক্তি চালু করা হলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের যোগাযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও সরকার বলছে, জরুরি পরিষেবায় আধুনিক ফোরজি ও ফাইভজি প্রযুক্তি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল।

অন্যদিকে, ব্রিটেনের পুরোনো তামার তারের ল্যান্ডলাইন টেলিফোন ব্যবস্থা ২০২৭ সালের ৩১ জানুয়ারি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ না থাকলেও এই পুরোনো ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হতো। তবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যুক্তি, প্রযুক্তিটি এখন মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ক্রমেই কঠিন হয়ে উঠছে।

অধ্যাপক রজার কেম্পের মতে, পুরোনো ল্যান্ডলাইন ব্যবস্থা বন্ধ করার আগে বিদ্যুৎবিহীন পরিস্থিতিতে মানুষের সঙ্গে যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিয়ে আরও চিন্তাভাবনা করা প্রয়োজন। তার আশঙ্কা, জরুরি যোগাযোগের ক্ষেত্রে ব্রিটেনের প্রস্তুতি আগের চেয়ে বরং দুর্বল হয়েছে।

এদিকে ব্রিটিশ মন্ত্রিসভা কার্যালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে যুক্তরাজ্যে। গত ৭৫ বছরে দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডে কখনো সম্পূর্ণ বিদ্যুৎ বিপর্যয় ঘটেনি।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

অনিয়মিত অভিবাসন মোকাবিলায় পশ্চিম বলকান সম্মেলনের আয়োজক যুক্তরাজ্য

ব্রেক্সিট-পরবর্তী ইইউ নাগরিকদের বসবাসের অধিকার নিয়ে কঠোর অবস্থানে যুক্তরাজ্য সরকার

বিভিন্ন দেশের যুক্তরাজ্য প্রবেশে ভিসা মুক্ত সুবিধা বাতিল