TV3 BANGLA
বাংলাদেশ

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানঃ প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধানের স্বীকৃতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে প্রথমবারের মতো তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বদের নিয়ে প্রতিবছর এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় বাংলাদেশের তিনজন স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা অধিকারকর্মী রাজিয়া সুলতানা।

প্রকাশিত পরিচিতিতে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে প্রবাস থেকেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন বলে প্রকাশনায় তুলে ধরা হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টিও তার পরিচিতিতে উল্লেখ করা হয়েছে। তার রাজনৈতিক নেতৃত্ব ও বাংলাদেশের রাষ্ট্রীয় নেতৃত্বে ভূমিকার বিষয়টি আন্তর্জাতিক এই প্রকাশনায় স্থান পেয়েছে।

আন্তর্জাতিক প্রকাশনার বাংলাদেশ অংশে তারেক রহমানকে নতুন অন্তর্ভুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই তালিকায় ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানার নামও রয়েছে।

তবে তালিকাটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন। ২০২৭ সালের সংস্করণে প্রথম ৫০ জনকে কেবল ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে কোনো নির্দিষ্ট র‍্যাঙ্কিং ছাড়াই বিভিন্ন বিভাগে রাখা হয়েছে। তারেক রহমান ওই ৪৫০ জনের তালিকায় রয়েছেন।

প্রকাশকদের মতে, এই তালিকায় অন্তর্ভুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে তার প্রভাব ও ভূমিকা মূল্যায়ন করাই এর উদ্দেশ্য।

সূত্রঃ আরআইএসএসসি

এমকে

আরো পড়ুন

নিউইয়র্কে ডিম নিক্ষেপের পর প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা

ফেসবুক লাইভে কেঁদে উমামা বললেন, ‘জুলাই কেন মানি মেকিং মেশিন হবে?’

পশ্চিমবঙ্গে তসলিমার ‘লজ্জা’ নিষিদ্ধ করলেন মমতা!