আগামী মাসে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হালাল খাবার উৎসব। দুই দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ২৫টি দেশের ২০০-এর বেশি খাবার বিক্রেতা অংশ নেবেন। একই সঙ্গে থাকছে তারকা রাঁধুনিদের সরাসরি রান্না প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনের আয়োজন।
আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কের লন্ডন স্টেডিয়ামে বসবে ‘বিশ্ব হালাল খাবার উৎসব ২০২৬’। আয়োজকদের দাবি, এটি যুক্তরাজ্যের প্রথম এবং দীর্ঘতম সময় ধরে আয়োজিত হালাল খাবার উৎসব, যা এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরে আসছে।
এবারের উৎসবে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী ও আধুনিক হালাল খাবারের বিশাল সমাহার থাকবে। বার্গার, গ্রিল, স্ট্রিট ফুড, মিষ্টান্ন থেকে শুরু করে নানা ধরনের ফিউশন খাবারও দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবের প্রতিটি স্টলেই শতভাগ হালাল সনদপ্রাপ্ত খাবার পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে মুসলিম দর্শনার্থীরা নিশ্চিন্তে বিভিন্ন দেশের খাবারের স্বাদ নিতে পারবেন।
উৎসবের অন্যতম আকর্ষণ থাকছেন খ্যাতিমান রাঁধুনি শেলিনা পারমালু, যিনি ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’-এর বিজয়ী। এছাড়া জনপ্রিয় র্যাপশিল্পী ও উপস্থাপক বিগ জুও উপস্থিত থাকবেন। তাদের পাশাপাশি ফুটবল তারকা ও অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
খাবারের পাশাপাশি থাকবে সরাসরি রান্না প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান, শিশুদের জন্য বিশেষ বিনোদন এলাকা এবং হালাল পণ্য ও হস্তশিল্পের বাজার। ফলে এটি শুধু খাবারের উৎসব নয়, বরং পারিবারিক বিনোদন ও সংস্কৃতিরও এক মিলনমেলায় পরিণত হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। স্ট্র্যাটফোর্ড, হ্যাকনি উইক এবং পুডিং মিল লেন স্টেশন থেকে সহজেই লন্ডন স্টেডিয়ামে পৌঁছানো যাবে।
সূত্রঃ সিক্রেট লন্ডন
এম.কে

