TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের বিমানবন্দরে ফোন জব্দ হতে পারেঃ যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা

ব্রিটেনের বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিমানে ওঠার আগে মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পর্যাপ্ত চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ নিরাপত্তা পরীক্ষার সময় কোনো ডিভাইস চালু করতে বলা হলে সেটি চালু করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট যাত্রীকে সেটি বিমানে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। এমনকি ডিভাইসটি জব্দও হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে প্রচলিত এই নিয়ম সম্পর্কে অনেক যাত্রীই অবগত নন। অথচ সামান্য অসতর্কতার কারণে বিমানযাত্রার আগে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডিভাইস হারানোর ঝুঁকিতে পড়তে পারেন তারা।

ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে হাতব্যাগ বা কেবিন ব্যাগে বহনযোগ্য সামগ্রীসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণের আগে ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ দিয়ে রাখতে হবে। নিরাপত্তাকর্মীরা কোনো ডিভাইস চালু করতে বলার পর সেটি চালু করা না গেলে ওই ডিভাইস বিমানে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

সাধারণত বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় যাত্রীদের মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরীক্ষা করা হতে পারে। এ সময় নিরাপত্তাকর্মীরা সংশ্লিষ্ট ডিভাইসটি কার্যকর রয়েছে কি না, তা যাচাই করতে চালু করার নির্দেশ দিতে পারেন।

অনেক যাত্রী বিমানবন্দরে যাওয়ার সময় ফোন বা ল্যাপটপের চার্জ প্রায় শেষ হয়ে গেলেও মনে করেন, নিরাপত্তা তল্লাশি পার হওয়ার পর চার্জ দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু এই ধারণা বিপদ ডেকে আনতে পারে। কারণ নিরাপত্তা পরীক্ষার সময় ডিভাইস চালু করা সম্ভব না হলে সেটি বিমানে নেওয়ার অনুমতি নাও মিলতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ব্রিটেনেই নয়, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের একাধিক বিমানবন্দরেও একই ধরনের নিরাপত্তাবিধি কার্যকর রয়েছে।

এদিকে, যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থার নিয়মও আগে থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। টিইউআই, ইজিজেট, রায়ানএয়ার ও জেট-টু-এর মতো বিমান সংস্থাগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হেয়ার ড্রায়ার ও বৈদ্যুতিক শেভারের মতো ডিভাইস বহনের সুযোগ দিলেও কোনটি কেবিন ব্যাগে এবং কোনটি চেক-ইন লাগেজে নেওয়া যাবে, সে বিষয়ে নিয়মে পার্থক্য থাকতে পারে।

বিশেষ করে লিথিয়াম ব্যাটারিযুক্ত ডিভাইস নিয়ে বিমান সংস্থাগুলো কঠোর নিরাপত্তাবিধি অনুসরণ করে। কারণ এসব ব্যাটারিতে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ নামের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।

যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) নিরাপত্তা বিশেষজ্ঞরাও লিথিয়াম ব্যাটারির এই ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। এ কারণে অধিকাংশ বিমান সংস্থা অতিরিক্ত লিথিয়াম ব্যাটারিযুক্ত ডিভাইস ও সংশ্লিষ্ট সামগ্রী চেক-ইন লাগেজের পরিবর্তে কেবিন ব্যাগে বহনের বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে।

যাত্রীদের ভ্রমণের আগে মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য প্রয়োজনীয় ডিভাইস সম্পূর্ণ চার্জ দিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিমান সংস্থার ব্যাটারি ও লাগেজসংক্রান্ত নিয়ম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ ডেইলি স্টার

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ৯ লাখ গাড়ি চালকের ১০০০ পাউন্ড জরিমানা হতে পারে

যুক্তরাজ্য সরকারের আশ্রয়প্রার্থীদের নিয়ে বাজেট যুদ্ধ

নিউজ ডেস্ক

মধ্যরাতে উইলিয়াম-কেটের রাজপ্রাসাদে চোরের হানা, নিয়ে গেল বাইক-পিকআপ

নিউজ ডেস্ক