TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের মার্সিসাইডে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ বাড়ির ওপরের তলায় চারজনের মৃত্যু

ব্রিটেনের মার্সিসাইডের বুটলে একটি সেমি-ডিটাচড বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভোরে সেফটনের স্টোন স্কয়ারে এ ঘটনা ঘটে।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর ৩টা ৩৮ মিনিটে স্টোন স্কয়ারের একটি বাড়িতে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় ঘটনাস্থলে সর্বোচ্চ ছয়টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়। আগুন নেভানোর পাশাপাশি বাড়ির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা দেখতে আটজন দমকলকর্মী ভবনের ভেতরে প্রবেশ করেন।

দমকল বাহিনীর তল্লাশির সময় বাড়িটির ওপরের তলার একটি শোবার ঘরে চারজনকে পাওয়া যায়। তাদের মধ্যে কারও জীবনের কোনো লক্ষণ ছিল না। পরে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিমের দুই সদস্য ঘটনাস্থলে গিয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান ফায়ার কর্মকর্তা নিক সিয়ার্লে জানান, আগুনটি অত্যন্ত তীব্র ছিল এবং খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনি চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় বাড়ির বাইরে একজন আহত ব্যক্তিকে দেখতে পান। তিনি আগুনে দগ্ধ হয়েছিলেন। তাকে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, ভোররাতে তিনি চিৎকারের শব্দ শুনেছিলেন। প্রথমে তার মনে হয়েছিল, সম্ভবত কেউ ঝগড়া করছেন। পরে নিচে নেমে এসে তিনি বাড়িটির সামনে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন দেখতে পান।

দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পরও মঙ্গলবার সকালে স্টোন স্কয়ারের ওই এলাকা ঘিরে রাখা হয়। ফায়ার কর্মকর্তারা আশপাশের বাড়িগুলোতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এরিয়া ম্যানেজার কেভিন লংশ বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। নিহত ও আহতদের পরিবার এবং স্বজনদের প্রতি তিনি সমবেদনা জানান।

তিনি বলেন, আগুনের কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত করা হবে।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং মার্সিসাইড পুলিশ যৌথভাবে আগুনের কারণ ও ঘটনার পরিস্থিতি তদন্ত করছে। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

প্রতিদিন লাশ দেখতে দেখতে যুক্তরাজ্যের সীমান্ত রক্ষীরা মানসিক ট্রমায় আক্রান্ত

শামীমা বেগমের সাক্ষাৎকার নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনা

অভিবাসী আতঙ্কে উত্তাল যুক্তরাজ্যঃ স্কুলছাত্রীদের হয়রানির অভিযোগ, পাহারায় নিরাপত্তারক্ষী