ব্রিটেনে আশ্রয় ও অভিবাসন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের সাংস্কৃতিক পরিচয়, ভাষাগত পার্থক্য, পারিবারিক সম্পর্ক এবং মানসিক আঘাতের অভিজ্ঞতা যথাযথভাবে বুঝতে না পারায় অনেক ক্ষেত্রে অন্যায্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। বিশেষ করে হোম অফিসের কর্মকর্তা এবং নিম্ন আদালতের বিচারকদের সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাব আবেদনকারীদের মামলার ফলাফলে প্রভাব ফেলছে। এমনকি কিছু ক্ষেত্রে আইনি ভুলেরও সৃষ্টি হচ্ছে বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
১০ নভেম্বর ২০২৬ প্রকাশিত অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ফ্রি মুভমেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাবলিক ল প্রকল্পের (পিএলপি) প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, আবেদনকারীদের সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তাদের পারিবারিক সম্পর্ক, যৌন পরিচয় এবং মানসিক আঘাতের অভিজ্ঞতা প্রকাশের ধরনকে প্রভাবিত করে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারীরা এসব বিষয় যথাযথভাবে বিবেচনা না করায় অনেক আবেদনকারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
গবেষণায় ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে আপার ট্রাইব্যুনালের (ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বার) দেওয়া ২৭১টি সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের শুনানি পর্যবেক্ষণ এবং আইনজীবী, দোভাষী ও একজন মধ্যস্থতাকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
এটি এ বিষয়ে পাবলিক ল প্রকল্পের দ্বিতীয় গবেষণা প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে অভিবাসন ও আশ্রয়সংক্রান্ত ট্রাইব্যুনালে অনুবাদ, দোভাষী সেবা, প্রাসঙ্গিক প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছিল।
গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে বিচারকরা পারিবারিক সম্পর্কের বিষয়ে নির্দিষ্ট ও সংকীর্ণ ধারণা থেকে সিদ্ধান্ত দিয়েছেন। ইউরোপীয় পারিবারিক কাঠামো বা স্বামী-স্ত্রী ও সন্তানকেন্দ্রিক পরিবারের ধারণাকে প্রাধান্য দিয়ে অন্য সংস্কৃতির পারিবারিক সম্পর্ক মূল্যায়ন করা হয়েছে।
একটি মামলায় ভারতের এক নারী স্বামীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টি প্রমাণ করতে পারেননি বলে তার আবেদন নিয়ে প্রশ্ন তোলেন নিম্ন ট্রাইব্যুনালের বিচারক। বিচারক তার কাছে পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন ও টেলিফোনের রেকর্ড চেয়েছিলেন।
কিন্তু আপার ট্রাইব্যুনাল মনে করে, আবেদনকারীর বয়স ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় এ ধরনের প্রমাণ থাকার সম্ভাবনা কম ছিল। এমনকি ফোন রেকর্ড থাকলেও তা পারিবারিক বিরোধের প্রকৃত অবস্থা তুলে নাও ধরতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ধরনের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে সেগুলো মূল্যায়নে আরও সাংস্কৃতিক সংবেদনশীলতা দেখানো প্রয়োজন।
গবেষণায় যৌন পরিচয় ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের আবেদনকারীদের বিষয়ে বিচারিক মূল্যায়নে আরও গুরুতর অসংগতি পাওয়া গেছে।
কিছু বিচারক আবেদনকারীর শারীরিক অঙ্গভঙ্গি বা আচরণ দেখে তার যৌন পরিচয় সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছেন। আপার ট্রাইব্যুনাল এমন একটি মামলায় এই ধরনের মূল্যায়নকে অনুপযুক্ত বলে উল্লেখ করেছে।
এ ছাড়া কয়েকটি মামলায় বিচারকরা যৌন পরিচয় এবং যৌন সম্পর্কে সক্রিয় থাকার বিষয়টিকে এক করে দেখেছেন। কেউ কেউ আবেদনকারীর কাছে তার যৌন পরিচয় আবিষ্কার ও প্রকাশের বিষয়ে ধারাবাহিক ও সুস্পষ্ট বর্ণনা প্রত্যাশা করেছেন। আবার কারও ক্ষেত্রে সমলিঙ্গের সম্পর্কে থাকার প্রমাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, এলজিবিটিকিউ পরিচয় বিকাশের অভিজ্ঞতা সবার ক্ষেত্রে এক রকম হয় না। কেউ নিরাপদ বোধ না করা পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করতে পারেন না।
একটি মামলায় আপার ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, সময়ের সঙ্গে আবেদনকারীর পক্ষে আরও উন্নতমানের প্রমাণ উপস্থাপন করা অসততার লক্ষণ নয়। বরং নিরাপদ বোধ করার পর নিজের যৌন পরিচয় প্রকাশে তার সক্ষমতা বেড়েছে—এমনটিও হতে পারে।
একজন দোভাষী গবেষকদের জানিয়েছেন, একটি মামলায় আবেদনকারী নিজের যৌন পরিচয় নিয়ে কথা বলার সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কারণ, দোভাষী তার একই ভাষায় কথা বলতেন এবং একই সম্প্রদায়ের মানুষ হতে পারেন—এমন আশঙ্কা থেকে আবেদনকারী অস্বস্তি বোধ করছিলেন।
এ কারণে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে কাজ করা সংগঠনগুলোর মাধ্যমে হোম অফিসের কর্মকর্তা, বিচারক ও দোভাষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক আঘাত, অসহায়ত্ব এবং মানসিক স্বাস্থ্য।
গবেষণায় দেখা গেছে, অনেক বিচারক প্রত্যাশা করেন যে মানসিক আঘাতের শিকার ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ধারাবাহিক, সুসংগঠিত এবং চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু বাস্তবে অনেকেই নিজের মানসিক সমস্যার কথা বুঝতে পারেন না বা সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে প্রকাশ করতে সংকোচ বোধ করেন।
একটি মামলায় আপার ট্রাইব্যুনাল নির্দেশনা দিয়েছে, কারও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলেই ধরে নেওয়া যাবে না যে ভবিষ্যতে তার আবার অবনতি ঘটবে না। বিশেষ করে আগে একাধিকবার মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে দেশে ফিরে একই ধরনের পরিস্থিতিতে আবার অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বিবেচনায় নিতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলা হয়েছে, কোনো ব্যক্তির নিজ দেশে মানসিক স্বাস্থ্যসেবা রয়েছে কি না, সেটি এক বিষয়; কিন্তু তিনি বাস্তবে সেই চিকিৎসা নিতে পারবেন কি না, সেটি সম্পূর্ণ আলাদা বিষয়।
একটি মামলায় আবেদনকারীর মানসিক দুর্বলতা বিবেচনায় না নিয়ে তার বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করায় নিম্ন ট্রাইব্যুনালের সিদ্ধান্তে আইনি ভুল পাওয়া যায়।
গবেষণায় আরও বলা হয়েছে, মানসিক আঘাতের কারণে স্মৃতিশক্তি ও অতীতের ঘটনা মনে করে বলার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অথচ আশ্রয় আবেদনের ক্ষেত্রে অতীতের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে দোভাষী ও মধ্যস্থতাকারীদের ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক, যৌন সহিংসতার শিকার এবং মানসিকভাবে বিপর্যস্ত আবেদনকারীদের শুনানিতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সময়, বিরতি ও মানসিক সহায়তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বিচারক ও হোম অফিসের কর্মকর্তাদের জন্য উন্নত প্রশিক্ষণ, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং ভাষাগত বোঝাপড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে আনুষ্ঠানিক চিকিৎসা সনদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আবেদনকারীর বাস্তব পরিস্থিতি বিবেচনার কথা বলা হয়েছে।
প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ব্রিটেনের অভিবাসন ও আশ্রয়ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা চলছে। হোম অফিসের প্রস্তাবিত স্বাধীন আপিল সংস্থা এবং নতুন অভিবাসন ও আশ্রয় বিল নিয়েও বিতর্ক রয়েছে।
পাবলিক ল প্রকল্পের মতে, আপিল ব্যবস্থায় পরিবর্তনের চেয়ে শুরুতেই হোম অফিসের সিদ্ধান্ত গ্রহণের মান উন্নত করা বেশি গুরুত্বপূর্ণ। আবেদনকারীর ভাষা, সংস্কৃতি, সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা করা হলে ভুল সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে আপিলের সংখ্যা কমানো সম্ভব হতে পারে।
সূত্রঃ ফ্রি মুভমেন্ট
এমকে

