ব্রিটেনে গাড়ির নম্বর প্লেটের নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ, পরিবর্তিত বা নকল নম্বর প্লেট শনাক্ত করতে নতুন প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ইতোমধ্যে হাজারো অনিয়ম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বার্মিংহাম মেইল।
পুলিশের ভাষায়, ‘ঘোস্ট প্লেট’ নামে পরিচিত এসব নম্বর প্লেট এমনভাবে পরিবর্তন বা নকল করা হয়, যাতে গতি শনাক্তকারী ক্যামেরা এবং স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা বা এএনপিআর থেকে গাড়ি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এর মাধ্যমে কেউ কেউ অতিরিক্ত গতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন সড়ক আইন ভঙ্গের পরও শাস্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
পুলিশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালে শুধু ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায় অবৈধ বা পরিবর্তিত নম্বর প্লেট-সংক্রান্ত ৭১৩টি অপরাধ রেকর্ড হয়েছে। তবে বিষয়টি শনাক্ত করা কঠিন হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মোটরওয়েতে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত নতুন ক্যামেরা ব্যবস্থায় ইতোমধ্যে হাজারো অবৈধ নম্বর প্লেট শনাক্ত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে।
কোটজোনের মোটরিং বিশেষজ্ঞ গ্রেগ উইলসন বলেন, ইংল্যান্ডজুড়ে সাম্প্রতিক বছরগুলোতে ‘ভৌতিক নম্বর প্লেট’-এর ব্যবহার বেড়েছে। কিছু চালক গতি-সংক্রান্ত জরিমানা এবং অন্যান্য ট্রাফিক আইন এড়াতে এসব প্লেট ব্যবহার করছেন।
তিনি জানান, অবৈধ নম্বর প্লেট ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর আইন এবং শাস্তির দাবি উঠেছে। এর ফলে ভবিষ্যতে নিয়ম ভঙ্গকারীদের ওপর আরও কঠোর অভিযান চালানো হতে পারে।
গবেষণায় অবৈধ নম্বর প্লেট ব্যবহারের ক্ষেত্রে হাম্বারসাইড, নরফোক এবং গ্রেটার ম্যানচেস্টারকে উল্লেখযোগ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ডেভন অ্যান্ড কর্নওয়াল, টেমস ভ্যালি পুলিশ এবং নর্থামব্রিয়া এলাকায় প্রতি এক লাখ মানুষের হিসাবে তুলনামূলকভাবে কমসংখ্যক অপরাধের তথ্য পাওয়া গেছে।
নটিংহ্যামশায়ার পুলিশ ইতোমধ্যে তাদের সড়ক পুলিশের ইউনিটকে বিশেষ সরঞ্জাম দিয়েছে, যার মাধ্যমে অবৈধ নম্বর প্লেট শনাক্ত করা সম্ভব হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাড়ির নম্বর প্লেট অবশ্যই পরিষ্কার, সহজে শনাক্তযোগ্য এবং কোনো ধরনের আড়াল বা পরিবর্তনমুক্ত থাকতে হবে। নিয়ম ভঙ্গ করলে চালকদের জরিমানা এবং পেনাল্টি পয়েন্টের মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে সরকার বিষয়টি মোকাবিলায় আরও কঠোর জরিমানা ও শাস্তির বিষয় বিবেচনা করছে।
সূত্রঃ বার্মিংহাম লাইভ
এমকে

