23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে জনপ্রিয় শিল্পীদের নকল গানের কারখানাঃ ২৭ লাখ পাউন্ডের ব্যবসা করে জেলে রেহান

ব্রিটেনে এড শিরান, টেলর সুইফট, রিহানা, অ্যাডেল, বিয়ন্সে ও ড্রেকসহ ১০৮ জন শিল্পীর কপিরাইট লঙ্ঘন করে নকল ভিনাইল রেকর্ড তৈরি ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রেহান আহমেদ(৪০), পশ্চিম লন্ডনের সাউথহলের বাসিন্দা। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত নকল রেকর্ড বিক্রি করে তিনি ২৭ লাখ ৪৩ হাজার পাউন্ড আয় করেছেন।

সিটি অব লন্ডন পুলিশের পুলিশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রাইম ইউনিট (পিআইপিসিইউ)-এর তদন্তে অ্যাক্টনের একটি ইউনিটে গোপনে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ভিনাইল উৎপাদনকেন্দ্রের সন্ধান পাওয়া যায়। সেখানে ‘ফিনিক্স অব ভিনাইল’ নামে নকল রেকর্ড তৈরি করা হতো।

তদন্ত অনুযায়ী, উৎপাদিত নকল রেকর্ড বিভিন্ন রেকর্ডের দোকানে সরবরাহ করা হতো। পাশাপাশি ডিসকগস ও ইবে-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি ক্রেতাদের কাছেও এসব রেকর্ড বিক্রি করা হতো।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে জারি করা তল্লাশি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৭৯১টি ভিনাইল রেকর্ড জব্দ করে। একই অভিযানে রেকর্ড তৈরিতে ব্যবহৃত স্ট্যাম্পার ও ল্যাকারও উদ্ধার করা হয়।

তদন্তকারীরা ওই স্থানে প্রায় ৭০ বছর পুরোনো চারটি ভিনাইল প্রেস, প্রায় ৩ হাজার ধাতব স্ট্যাম্পার এবং হাজার হাজার রেকর্ডের কভার ও সেন্টার লেবেল পান। জব্দ করা আলামতের মোট ওজন ছিল প্রায় ১৮ টন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সরঞ্জাম ও উপকরণ থেকে শিল্প পর্যায়ে নকল রেকর্ড তৈরির সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, উৎপাদনকেন্দ্রটি ২০১৭ সাল থেকেই গোপনে পরিচালিত হয়ে আসছিল।

জব্দ করা নকল ভিনাইল পরীক্ষা করে সংশ্লিষ্ট রেকর্ড লেবেলগুলো নিশ্চিত করে যে, এসব রেকর্ডে ব্যবহৃত সব শিরোনামই কপিরাইট লঙ্ঘন করেছে।

এই নকল রেকর্ডের সঙ্গে মোট ১০৮ জন শিল্পীর কপিরাইট জড়িত ছিল। তাদের মধ্যে রয়েছেন এড শিরান, অ্যাডেল, আরিয়ানা গ্রান্ডে, ব্যাড বান্নি, ড্রেক, বিয়ন্সে, টেলর সুইফট ও রিহানা।

তদন্ত শেষে রেহান আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১৮ সেপ্টেম্বর আদালত তাকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দেন।

সিটি অব লন্ডন পুলিশের পিআইপিসিইউ-এর ডিটেকটিভ কনস্টেবল ড্যারিল ফ্রায়াট বলেন, আহমেদ শিল্পী ও সংগীতশিল্পের সুযোগ নিয়ে ভিনাইল রেকর্ডের জনপ্রিয়তাকে নিজের আর্থিক লাভের জন্য ব্যবহার করেছেন।

তিনি বলেন, সৃজনশীল শিল্পকে লক্ষ্য করে অপরাধ চালানো ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা অব্যাহত রাখবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। নকল ভিনাইল বিক্রির সঙ্গে জড়িতদের জন্য এই মামলাটি একটি স্পষ্ট বার্তা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (বিপিআই)-এর কনটেন্ট প্রোটেকশন পরিচালক পিটার র‍্যাটক্লিফ বলেন, ভৌত মাধ্যমে সংগীতের জনপ্রিয়তা আবারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সুযোগ নিয়ে অপরাধীরা শিল্পী, সংগীতশিল্প এবং সংগীতপ্রেমীদের ক্ষতিগ্রস্ত করছে।

র‍্যাটক্লিফ আরও বলেন, এ ধরনের অপরাধের প্রভাব শুধু বৈধ সংগীত অর্থনীতি এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর পড়ে না; এ ধরনের অপরাধ থেকে অর্থায়িত অন্যান্য অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও থাকে।

তিনি জানান, বিপিআই তাদের সদস্য, পিআইপিসিইউ, ট্রেডিং স্ট্যান্ডার্ডস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে নকল সংগীতপণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্রঃ এলবিসি

এমকে

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচাঃ সেলফ বিল্ড মর্গেজ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ঘরভাড়া নিয়ন্ত্রণে অ্যাঞ্জেলা রেনারের সিদ্ধান্ত বদলের চাপঃ সাশ্রয় ১,৪১৮ পাউন্ড

যুক্তরাজ্যে কর্মীদের কাজে দক্ষতা আনয়নের জন্য সরকারের সাহায্য প্রয়োজনঃ গবেষণা