12.1 C
London
October 23, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে থাকেন তাহলে নৌকা রেডি রাখুনঃ কঠোর হুঁশিয়ারি ব্রিটেনকে পুতিনের মিত্রের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রুশ টেলিভিশন উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ভ ব্রিটেনকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের নৌকায় চড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা বলেছেন তিনি। ইউক্রেনকে ব্রিটেনের সামরিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে এসব বক্তব্য দেন রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের এই উপস্থাপক।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রুশ টেলিভিশনে দেওয়া বক্তব্যে সলোভিয়ভ প্রশ্ন তোলেন, রাশিয়া কেন ব্রিটিশ দ্বীপপুঞ্জকে ধ্বংস করছে না। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার বিরুদ্ধে সেগুলোর ব্যবহার নিয়ে ব্রিটেনের অবস্থানের সমালোচনা করেন তিনি। এ সময় ব্রিটিশদের নৌকায় করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথাও বলেন তিনি।

ইউক্রেনকে ব্রিটেনের সামরিক সহায়তা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন সলোভিয়ভ। তার অভিযোগ, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে আরও বিস্তৃত করছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার বিরুদ্ধে একাধিকবার আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।

সলোভিয়ভ ইউক্রেনের কয়েকটি শহর ধ্বংস করার পক্ষেও বক্তব্য দিয়েছেন। ওদেসা, মাইকোলাইভ, দিনিপ্রো, খারকিভ ও সুমি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করার কথা বলেছেন তিনি। কিয়েভ ও লভিভের মতো শহরগুলোর অস্তিত্ব থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটেনকে নিয়ে সলোভিয়ভের হুমকি এবারই প্রথম নয়। এর আগেও তিনি রাশিয়ার পসেইডন নামের পারমাণবিক শক্তিচালিত ডুবোযানের কথা উল্লেখ করে ব্রিটিশ দ্বীপপুঞ্জকে পানির নিচে তলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ব্রিটেনের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পকারখানায় হামলার বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পসেইডন রাশিয়ার তৈরি করা একটি পারমাণবিক শক্তিচালিত, স্বয়ংক্রিয় ডুবোযান ব্যবস্থা। রাশিয়া দাবি করে, এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ব্রিটেন ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে, মস্কো পশ্চিমা অস্ত্র সরবরাহের বিরোধিতা করে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে। এ পরিস্থিতিতে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য প্রকাশিত হচ্ছে।

সলোভিয়ভের বক্তব্যে ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুমকি থাকলেও, এসব বক্তব্যের ভিত্তিতে রাশিয়া ব্রিটেনে হামলার সিদ্ধান্ত নিয়েছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট \ এওএল

এমকে

আরো পড়ুন

সাদিক খানের ওপর ডোনাল্ড ট্রাম্পের শরিয়া আইন সম্পর্কিত আক্রমণ লেবার এমপিদের ক্ষুব্ধ করেছে।

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পার্টি কেলেংকারি: প্রীতি প্যাটেল ও ঋষি সুনাক দ্বন্দে

যুক্তরাজ্যের বোর্নেমাউথ কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ জনের বেশি ছুরিকাহত