TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে স্কিলড ওয়ার্কারদের ILR আবেদনে ইংরেজি পরীক্ষা নিয়ে হোম অফিসের দ্বন্দ্ব

ব্রিটেনে স্কিলড ওয়ার্কার ভিসাধারীদের অনির্দিষ্টকালের বসবাসের অনুমতি বা আইএলআর আবেদনে বি২ পর্যায়ের ইংরেজি পরীক্ষা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। ২০২৭ সালের ২৬ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া অভিবাসন বিধিমালায় শুধু ইংরেজিতে স্পিকিং ও লিসেনিংয়ের দক্ষতা চাওয়া হলেও হোম অফিসের প্রকাশিত কেসওয়ার্কার গাইডলাইনে চারটি দক্ষতার পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। ফলে আবেদনকারীদের মধ্যে পরীক্ষা বাছাই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৫ মার্চ পার্লামেন্টে উত্থাপিত এইচসি ১৬৯১-এর মাধ্যমে ইমিগ্রেশন রুলসের অ্যাপেনডিক্স স্কিলড ওয়ার্কারের অনুচ্ছেদ এসডব্লিউ ২২এ.১ সংশোধন করা হয়েছে। এতে ২০২৭ সালের ২৬ মার্চ থেকে আইএলআরের জন্য সিইএফআর বি২ পর্যায়ে শুধু স্পিকিং ও লিসেনিং বা কথা বলা ও শোনার দক্ষতা প্রমাণের শর্ত রাখা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কিন্তু একই বিষয়ে হোম অফিসের স্কিলড ওয়ার্কার কেসওয়ার্কার গাইডলাইনের ২০.০ সংস্করণে ভিন্ন নির্দেশনা রয়েছে। ২০২৬ সালের ৩ আগস্ট প্রকাশিত ওই নির্দেশিকার ২৪.২ ধারায় ইংরেজিতে রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং—চারটি দক্ষতাতেই নির্ধারিত মান অর্জনের কথা বলা হয়েছে। ফলে আইন ও দাপ্তরিক নির্দেশনার মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই বিভ্রান্তির মধ্যে ট্রিনিটি কলেজ লন্ডন কিছু আবেদনকারীকে জানিয়েছে, তাদের ১৫ মিনিটের বি২ জিইএসই গ্রেড-৭ পরীক্ষা ২০২৭ সালের ২৬ মার্চ বা তার পর আইএলআর আবেদনের ন্যূনতম ইংরেজি শর্ত পূরণ করবে। এই পরীক্ষায় শুধু স্পিকিং ও লিসেনিং দক্ষতা যাচাই করা হয়। কিন্তু হোম অফিসের কর্মকর্তা চারটি দক্ষতার শর্ত অনুসরণ করলে শুধু মৌখিক পরীক্ষার সনদ জমা দেওয়া আবেদনকারীরা প্রত্যাখ্যানের ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ডেইলি ড্যাজলিং ডন।

প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে, যাদের আবেদনের সময়সীমা তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক নয়, তাদের জন্য ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে ইংরেজি পরীক্ষার বুকিং দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে হোম অফিস আইন অনুযায়ী নির্দেশিকা সংশোধন করতে পারে। তবে যাদের ভিসার মেয়াদ বা আবেদনের সময়সীমার কারণে দ্রুত পরীক্ষা দেওয়া প্রয়োজন, তাদের ক্ষেত্রে চারটি দক্ষতা যাচাই করা হয়—এমন পরীক্ষা তুলনামূলকভাবে সতর্কতামূলক বিকল্প হতে পারে।

আইন ও হোম অফিসের নির্দেশনার এই অসামঞ্জস্য দূর করতে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা ও সংশোধিত গাইডলাইন প্রকাশের দাবি উঠেছে। কারণ, নিয়মের অস্পষ্টতার কারণে আবেদনকারীদের অতিরিক্ত অর্থ ব্যয়, নতুন করে পরীক্ষা দেওয়া কিংবা আইএলআর আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকিতে পড়তে হতে পারে।

সূত্রঃ ডেইলি ড্যাজলিং ডন

এমকে

আরো পড়ুন

ভারত সফর বাতিল করলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

লন্ডনের রাস্তায় কোটিপতি ভিখারি

হালাল টেক, মুসলিম-বান্ধব ওয়েবসাইট এবং অ্যাপের বিকাশ