TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ১০ বছরের রুটে আইনি জয়ঃ ওভারস্টে করলেও বৈধ বসবাসের সময় গণনার সুযোগ

ব্রিটেনে ১০ বছরের দীর্ঘমেয়াদি বসবাসের ভিত্তিতে স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) পাওয়ার পথে অনিয়মিতভাবে অবস্থানের কারণে যারা আগের বৈধ বসবাসের সময় হারিয়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়েছে। বিশেষ পরিস্থিতিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরের সময়টুকু উপেক্ষা করে আগের বৈধ বসবাসের সময় ১০ বছরের হিসাবের সঙ্গে যুক্ত রাখার ক্ষমতা হোম অফিসের রয়েছে বলে স্বীকার করেছে ব্রিটিশ সরকার।

৯ নভেম্বর ২০২৬ প্রকাশিত ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্কের (ইআইএন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার ইমিগ্রেশন এইড ইউনিট (জিএমআইএইউ) এবং ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনি উদ্যোগের পরিপ্রেক্ষিতে হোম অফিস এই অবস্থান মেনে নিয়েছে।

ঘটনাটি জ্যামাইকান নাগরিক এমএমএমকে কেন্দ্র করে। তিনি ২০০০ সাল থেকে ব্রিটেনে বসবাস করছেন এবং তার একজন ব্রিটিশ নাগরিক কন্যা রয়েছে। ২০১৬ সাল থেকে তিনি ১০ বছরের দীর্ঘমেয়াদি বসবাসের ভিত্তিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন।

তবে ২০২২ সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তার ভিসার বৈধতা শেষ হয়ে যায়। তিনি ভিসা নবায়নের আবেদনের ফি মওকুফের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি জানিয়ে হোম অফিস থেকে ইমেইল পাঠানো হলেও তিনি সেটি দেখতে পাননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী ভিসার আবেদন জমা দিতে ব্যর্থ হন এবং অনিয়মিতভাবে ব্রিটেনে অবস্থানকারী হয়ে পড়েন।

এ ঘটনায় তার আগের বৈধ বসবাসের সময় ১০ বছরের হিসাব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় হোম অফিস। এর বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার ইমিগ্রেশন এইড ইউনিট আইনি চ্যালেঞ্জ করে। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ব্যারিস্টার আলাসডেয়ার ম্যাকেঞ্জি কেসি এবং রোয়েনা মফ্যাট তার পক্ষে আইনি প্রতিনিধিত্ব করেন।

নভেম্বরের শুরুতে আপার ট্রাইব্যুনালের (ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বার) শুনানির আগেই হোম অফিস মামলাটিতে ছাড় দিতে সম্মত হয়।

সমঝোতা অনুযায়ী, হোম অফিস আগের প্রত্যাখ্যানের সিদ্ধান্ত প্রত্যাহার করে তিন মাসের মধ্যে নতুন সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সরকার স্বীকার করেছে, স্থায়ী বসবাসের অনুমতির জন্য অর্থ পরিশোধ করে আবেদন জমা না দিয়েও কেউ তার অনিয়মিত অবস্থানের সময় উপেক্ষা করার অনুরোধ জানাতে পারেন।

বিশেষ বা মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ ধরনের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হোম অফিসের রয়েছে। এমএমএমের ক্ষেত্রে ভিসার মেয়াদ অতিক্রমের ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল—এই বিষয়টিও নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হবে।

এই আইনি সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, হোম অফিস যদি আবেদনকারীর পক্ষে সিদ্ধান্ত নেয়, তাহলে অনিয়মিত হওয়ার আগের বৈধ বসবাসের সময় ১০ বছরের যোগ্যতার হিসাবের মধ্যে বহাল থাকবে। পরবর্তী সময়ে নতুন করে ভিসা পাওয়ার কারণে আগের বসবাসের সময় বাতিল হয়ে যাবে না বা ১০ বছরের হিসাব নতুন করে শুরু করতে হবে না।

তবে অনিয়মিতভাবে অবস্থানের সময়কে বৈধ বসবাসের সময় হিসেবে গণনা করা হবে না। বরং বিশেষ বিবেচনায় ওই সময়টুকু হিসাবের বাইরে রাখা হবে।

জিএমআইএইউ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ১০ বছরের রুট থেকে বাদ পড়ে যাওয়া অন্য ব্যক্তিরাও নিজেদের পরিস্থিতি বিবেচনার জন্য হোম সেক্রেটারির কাছে আবেদন করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যাদের অনিচ্ছাকৃত ভুল, মানবিক পরিস্থিতি কিংবা ব্যতিক্রমী কারণে ভিসার ধারাবাহিকতা নষ্ট হয়েছে, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে।

জিএমআইএইউর ভাষ্য অনুযায়ী, এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ আইনি বিজয়। কারণ, স্থায়ী বসবাসের অনুমতির জন্য অর্থ দিয়ে পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার আগেই অনিয়মিত অবস্থানের সময় উপেক্ষা করার অনুরোধ জানানো সম্ভব—এ বিষয়টি এখন স্পষ্ট হয়েছে।

অন্যদিকে ডাউটি স্ট্রিট চেম্বার্স বলেছে, ব্রিটেনে বিপুলসংখ্যক মানুষ ১০ বছরের সেটেলমেন্ট রুট থেকে ছিটকে পড়েছেন। তাই কখন অনিয়মিত অবস্থানের সময় উপেক্ষা করার আবেদন করা যাবে এবং কোন বিবেচনায় হোম সেক্রেটারি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তা স্পষ্ট হওয়া এই মামলার বাইরেও ব্যাপক গুরুত্ব বহন করে।

তবে এই সিদ্ধান্তে সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে ১০ বছরের বসবাসের হিসাব পুনর্বহাল হচ্ছে না। এটি হোম অফিসের বিশেষ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের বিষয়। প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি, অনিয়মিত হওয়ার কারণ এবং মানবিক বা ব্যতিক্রমী পরিস্থিতি আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

সূত্রঃ ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক

এমকে

আরো পড়ুন

‘ব্রিটিশ বিজ্ঞানের ভবিষ্যৎ অন্ধকার’

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে স্টারমারের নেতৃত্বে অসন্তোষ, গ্রিন পার্টিতে যোগ দেওয়ার কথা ভাবছেন লেবারের কয়েক এমপি

টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ড প্রশ্নে দুদকের জবাব