18.6 C
London
June 30, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ  বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। এএনআই’র প্রতিবেদন অনুসারে, কমপক্ষে ২৪২ জন যাত্রী ছিলেন।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, কর্মকর্তাদের ‘তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম’ পরিচালনা করার এবং ‘যুদ্ধকালীন ভিত্তিতে’ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে মেঘানী নগর নামক একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেছেন, গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে, আহমেদাবাদ লন্ডন গ্যাটউইক-এ পরিচালিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।

তিনি বলেন, এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১২ জুন ২০২৫

আরো পড়ুন

ইংল্যান্ডে ধেয়ে আসছে ভয়াবহ তুষারঝড়, কোথাও ৮ ইঞ্চি পর্যন্ত বরফ জমার পূর্বাভাস

১৬ বছরে আয়ারল্যান্ডে সর্বোচ্চ অভিবাসন

ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য