14.6 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে শিক্ষার্থীদের পাশে একঝাঁক বলিউড তারকাঃ সরকারের বলপ্রয়োগে সমালোচনা

ভারতের সাম্প্রতিক ছাত্র ও যুব আন্দোলন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা তীব্র হওয়ার মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউডের একাধিক খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী। কেউ রাজপথে নেমে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি জানান। একইভাবে অভিনেতা প্রকাশ রাজ আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেন।

অভিনেত্রী হুমা কুরেশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণদের মতামত শোনা এবং সংলাপের পথ খোলা রাখা জরুরি।

শুধু রাজপথেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনকে ঘিরে সরব হয়েছেন বহু তারকা। জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ শিক্ষার্থীদের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণকে দুঃখজনক উল্লেখ করে প্রশাসনকে তরুণদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান।

অভিনেতা রিতেশ দেশমুখ ও অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা যৌথভাবে তরুণদের কণ্ঠস্বরকে গণতন্ত্রের প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান।

এছাড়া দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়, অভিনেত্রী প্রীতি জিনতা, সংগীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেতা সোনু সুদ, সোনাক্ষী সিনহা, ঋত্বিক রোশন, প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, কৌতুকশিল্পী বীর দাস, অভিনেত্রী দিয়া মির্জা, জিনাত আমানসহ আরও অনেক তারকা বিভিন্নভাবে শিক্ষার্থী ও তরুণদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ভারতের সাম্প্রতিক ছাত্র-যুব আন্দোলনে বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বদের এই প্রকাশ্য অবস্থান আন্দোলনটিকে নতুন মাত্রা দিয়েছে। একদিকে আন্দোলনকারীদের প্রতি জনসমর্থনের বার্তা জোরালো হয়েছে, অন্যদিকে শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের দাবিও আরও গুরুত্ব পেয়েছে।

তবে আন্দোলন ঘিরে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। এক পক্ষ সরকারের পদক্ষেপকে সমর্থন করলেও, অন্য পক্ষ শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। এই পরিস্থিতিতে বলিউডের একাংশের প্রকাশ্য সংহতি দেশটির চলমান রাজনৈতিক ও সামাজিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অষ্টমবারের মতো জামিন খারিজ ভারতের পলাতক ব্যবসায়ী নিরব মোদির

খেতে গিয়ে জ্যান্ত অক্টোপাস আটকে গেল গলায়, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু বৃদ্ধের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারেঃ যুক্তরাষ্ট্র