বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজয়ের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সংস্থাটি ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে।
ইএফএর অভিযোগ, ম্যাচে দ্বৈত মানদণ্ড অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ার্ধে মিশর ১-০ গোলে এগিয়ে থাকাকালে ভিএআরের হস্তক্ষেপে মুস্তাফা জিকোর একটি গোল বাতিল করা হয়। পাশাপাশি, ম্যাচের অন্তিম মুহূর্তে মোহাম্মদ সালাহের ওপর সম্ভাব্য ফাউল উপেক্ষিত হয়েছে বলেও দাবি করেছে মিশর।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ হোসাম হাসান বলেন, তার দল অবিচারের শিকার হয়েছে। জিকোও রেফারিংয়ের কঠোর সমালোচনা করেন। তবে এ বিষয়ে ফিফা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, আর্জেন্টিনা নাটকীয়ভাবে ম্যাচে ফিরে এসে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। অধিনায়ক লিওনেল মেসি একটি গোলে সহায়তা করার পাশাপাশি সমতাসূচক গোলও করেন। জয়ের ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে উঠে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেও বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা আরও বেড়েছে। এখন নজর থাকবে ফিফা মিশরের অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় কি না।
সূত্রঃ বিবিসি
এম.কে

