বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশটির ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ‘নিশ্চিত ভিসা’ কিংবা ‘নিশ্চিত চাকরি’র প্রলোভন দেখিয়ে অসাধু চক্রের প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৮ জুন) ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
হাইকমিশন বলেছে, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবি ও প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। নিশ্চিত ভিসা কিংবা বিদেশে চাকরির নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে অনেক মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই এ ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, কেউ যদি যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো প্রতারণা বা জালিয়াতির সন্দেহ করেন, তাহলে বিষয়টি গোপনীয়ভাবে জানাতে পারবেন। এজন্য ব্রিটিশ কর্তৃপক্ষ BangladeshVisaFraud@fcdo.gov.
এছাড়া যুক্তরাজ্যের ভিসা, অভিবাসন নীতি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য জানতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট www.gov.uk ব্যবহারের পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত এজেন্সির মাধ্যমে ‘১০০ শতাংশ ভিসা গ্যারান্টি’, ‘নিশ্চিত চাকরি’ কিংবা ‘বিশেষ যোগাযোগের মাধ্যমে দ্রুত ভিসা’ দেওয়ার নামে প্রতারণার প্রবণতা বেড়েছে। এ পরিস্থিতিতে ভিসাপ্রত্যাশীদের যাচাই-বাছাই করে সরকারি নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি কোনো আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্রঃ ব্রিটিশ হাই কমিশন
এম.কে

