TV3 BANGLA
বাংলাদেশ

ভেনিসে বাঁধনকে হেনস্তার ঘটনায় তদন্ত জোরদারঃ তিন প্রবাসীর মোবাইল ফোন পুলিশের হেফাজতে

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল (বিপ্লব) ও মনির হাওলাদারকে ভেনিসের পুলিশ কার্যালয়ে (কোয়েস্তুরা) ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় একজন বাংলাদেশি দোভাষী উপস্থিত ছিলেন বলে দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে ফোনগুলো কী কারণে নেওয়া হয়েছে এবং সেগুলো পরীক্ষা করে তদন্তে কোনো নতুন তথ্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে ইতালির পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটির সূত্রপাত গত সেপ্টেম্বর মাসে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল বাংলাদেশির বিরুদ্ধে তাকে শারীরিকভাবে হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে।

এ ঘটনায় বাঁধন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ইতালির পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তদন্তের অংশ হিসেবে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

তদন্তের বিষয়ে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে সেপ্টেম্বরে ঘটনার পর বাংলাদেশ সরকারও ইতালির কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।

এদিকে, একজন বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে বিদেশের মাটিতে এমন ঘটনার অভিযোগ এবং পরবর্তী পুলিশি তদন্তের খবর ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম \ দৈনিক নয়া দিগন্ত

এমকে

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

ফেসবুকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আইনি নোটিশ