16.3 C
London
October 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে।

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের মতো পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিরুদ্ধে বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ওই রায় বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগের অংশ হিসেবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

সূত্রঃ আজেল\চ্যানেল ২৪

এমকে

আরো পড়ুন

কানাডায় পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিলেন বাংলাদেশের ক্রিকেটার

ডা. দীপু মনি ও অধ্যাপক মশিউর রহমানের সম্পর্ক নিয়ে বিব্রতকর গুঞ্জন

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি