15.5 C
London
June 2, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতরঃ ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালি ঘিরে নতুন সংকট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, ব্রিটিশ বাহিনী কোনোভাবেই ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না এবং এই যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি জড়াবে না।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।” তবে তিনি জানান, যুক্তরাজ্য বর্তমানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে, যাতে ব্রিটিশ নাগরিকদের জীবন, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু রাখতে এবং নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে। তবুও তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই এই যুদ্ধে যুক্তরাজ্যকে জড়ানো যাবে না।
এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৬ জন গুরুতর আহত। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ২৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। দেশটির নৌবাহিনীর বিশেষ ইউনিট নেভি সিলস এবং আর্মি রেঞ্জার্সসহ শত শত সদস্য ইতোমধ্যে ওই অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি হাজার হাজার মেরিন ও প্যারাট্রুপারও মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই বাহিনী মোতায়েনের উদ্দেশ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেওয়া। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় চালু করা, খারগ দ্বীপের তেল নিয়ন্ত্রণ নেওয়া এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখল করা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

এদিকে, হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি জানিয়েছেন, একটি নতুন পরিকল্পনার মাধ্যমে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না এবং ট্রানজিট টোল আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসার সময় এসেছে, কারণ সাম্প্রতিক হামলার পর এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে বলে জানা গেছে। বিশেষ করে হাইফা এলাকার একটি তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নতুন করে বৈশ্বিক উদ্বেগ সৃষ্টি করেছে। একদিকে বড় শক্তিগুলোর সামরিক উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে

আরো পড়ুন

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকিঃ ট্রাম্প

মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা

আমরা কারো বাড়ির উঠান নইঃভারতকে ইঙ্গিত করে বললেন মুইজ্জু