যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির চাপে ভারতের তৈরি পোশাক রপ্তানি খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মার্কিন বাজারে ভারতীয় পোশাকের চাহিদা ও রপ্তানি কমে যাওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিপুল পরিমাণে পোশাক উৎপাদন ও সময়মতো সরবরাহের সক্ষমতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পর ভারতীয় পোশাক রপ্তানিকারকেরা বড় ধরনের চাপের মুখে পড়েছেন। শুল্কহার ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর তা ১০ শতাংশে নামিয়ে আনা হলেও এর মধ্যে মার্কিন ক্রেতাদের আস্থা ও ক্রয়াদেশে নেতিবাচক প্রভাব পড়েছে।
ভারতীয় রপ্তানিকারকদের অভিযোগ, মার্কিন ক্রেতারা অনেক ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিল করছেন অথবা বাড়তি শুল্কের একটি বড় অংশ রপ্তানিকারকদের বহন করতে বলছেন। ভারতের অন্যতম বড় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ক্রাফটসের প্রতিষ্ঠাতা সুধীর ধিংড়া মার্কিন বাজারের অনিশ্চয়তাকে মাথার ওপর ঝুলন্ত তলোয়ারের সঙ্গে তুলনা করেছেন।
জিটিআরআইয়ের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক ও বস্ত্র রপ্তানি ১২ দশমিক ১ শতাংশ কমে ৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে নেমেছে। চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি কমেছে আরও ৯ দশমিক ৮ শতাংশ। ভারতের মোট পোশাক ও বস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারের অংশীদারত্ব ২৮ দশমিক ৩ শতাংশ থেকে কমে ২৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
মার্কিন বাজারে ক্ষতি সামাল দিতে ভারতীয় পোশাক প্রস্তুতকারকেরা এখন যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে বেশি গুরুত্ব দিচ্ছেন। গত ১৫ জুলাই কার্যকর হওয়া ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আওতায় শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে দেশটির রপ্তানিকারকেরা ব্রিটিশ বাজারে নিজেদের অবস্থান বাড়ানোর চেষ্টা করছেন।
নেক্সট এবং মার্কস অ্যান্ড স্পেনসারের মতো ব্র্যান্ডের জন্য পোশাক উৎপাদনের পাশাপাশি ভারতীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যয় কমাতে ঝাড়খণ্ডের রাঁচির মতো তুলনামূলক স্বল্পব্যয়ের অঞ্চলে কারখানা স্থানান্তরের উদ্যোগ নিচ্ছে।
তবে ইউরোপ ও ব্রিটেনের বাজারে প্রবেশ করেও ভারতীয় পোশাক রপ্তানিকারকেরা বড় অর্ডারের সংকট মোকাবিলা করছেন। যুক্তরাষ্ট্রের বাজারে একবারে এক লাখ পিস শার্টের অর্ডার পাওয়া গেলেও ইউরোপীয় ও ব্রিটিশ ক্রেতাদের কাছ থেকে সাধারণত দুই থেকে পাঁচ হাজার পিসের ছোট অর্ডার আসছে। ফলে বড় আকারে উৎপাদন ও রপ্তানিনির্ভর ব্যবসায় কাঙ্ক্ষিত গতি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। বৃহৎ পরিমাণে পোশাক উৎপাদন, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা বাংলাদেশের অন্যতম বড় শক্তি। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় রপ্তানিকারকদের দুর্বলতা তৈরি হলে বাংলাদেশ সেই বাজারে অতিরিক্ত ক্রয়াদেশ পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারে।
বিশেষ করে বড় অর্ডার গ্রহণ ও ধারাবাহিকভাবে পণ্য সরবরাহের সক্ষমতা বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তবে ভারতের বাজার হারানোর অর্থ বাংলাদেশের জন্য স্বয়ংক্রিয়ভাবে রপ্তানি বৃদ্ধি নয়। ক্রেতাদের আস্থা, মূল্য প্রতিযোগিতা, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও ২০২৯ সাল পর্যন্ত কিছু বিশেষ বাণিজ্য সুবিধা অব্যাহত থাকার সম্ভাবনা। এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে রপ্তানি প্রতিযোগিতা শক্তিশালী করা, নতুন বাজার তৈরি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের মতে, ভারতের পোশাক রপ্তানি খাতের সংকট এবং বাংলাদেশের বাড়তি সময়কে বিচক্ষণতার সঙ্গে কাজে লাগানো প্রয়োজন।
তার মতে, একটি নির্দিষ্ট বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং নতুন নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী ও নিরাপদ করা জরুরি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের বর্তমান সংকট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুযোগ তৈরি করেছে। তবে এই সুযোগ দীর্ঘমেয়াদে কাজে লাগাতে হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাজার বৈচিত্র্য, পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
ভারতের রপ্তানি সংকট বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিলেও সেই সুযোগ কতটা কাজে লাগানো যাবে, তা নির্ভর করবে বাংলাদেশের রপ্তানিকারক ও নীতিনির্ধারকদের সময়োপযোগী সিদ্ধান্তের ওপর।
সূত্রঃ রয়টার্স
এমকে

