13.9 C
London
May 20, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন বাহিনীকে লক্ষ্য করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়াঃ ওয়াশিংটন পোস্ট রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউ.এস বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানকে টার্গেটিং ইন্টেলিজেন্স বা লক্ষ্য নির্ধারণের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইরানকে যে তথ্য দিচ্ছে তার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং ইউএস এয়ারক্রাফটের অবস্থান সম্পর্কিত তথ্যও রয়েছে। তবে মস্কোর এই সহায়তার মাত্রা কতটা গভীর তা এখনো স্পষ্ট নয়।

গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েল যখন তেহরানের ওপর সামরিক স্ট্রাইক বা হামলা চালায়, তখন থেকে ইরানের নিজস্বভাবে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর পর থেকেই সংঘাত দ্রুত তীব্র হয়ে উঠেছে। ইরান পাল্টা হামলা শুরু করেছে এবং সংঘাত ধীরে ধীরে আঞ্চলিক রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশদের ওপর বেশি ক্ষয়ক্ষতি চাপিয়ে দিতে ইরান কৌশলগত চাপ বাড়ানোর চেষ্টা করছে।

এদিকে কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি ইউএস মিলিটারি ফ্যাসিলিটিতে ড্রোন আঘাত হানলে ছয়জন মার্কিন রিজার্ভ সৈন্য নিহত হন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে।

রাশিয়ার সম্ভাব্য সহায়তার অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ইরানের সামরিক সক্ষমতা দ্রুত দুর্বল হয়ে পড়ছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিদিন কমছে, নৌবাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং সামরিক উৎপাদন সক্ষমতাও ধ্বংস হয়ে যাচ্ছে।

অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা ইরানের নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে ডায়ালগ বা আলোচনা বজায় রেখেছে। তবে মস্কো সরাসরি তেহরানকে সামরিক সহায়তা দিচ্ছে কি না—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত রাশিয়ার জন্য কিছু অর্থনৈতিক সুবিধাও তৈরি করেছে। কারণ সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ও গ্যাসের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরোপিত স্যাংশনের প্রভাব কিছুটা কমাতে সাহায্য করছে। উল্লেখ্য, আমেরিকা নিজেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইন্টেলিজেন্স ইনফরমেশন বা গোয়েন্দা তথ্য ভাগাভাগি করেছে।

এদিকে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার মিশনের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের সম্ভাব্য এই সহযোগিতা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্রঃ দ্য ওয়াশিংটন পোস্ট

এম.কে

আরো পড়ুন

আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলায় নিহত ১, আহত ২

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী অটল একজন স্বঘোষিত সমকামী

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে রোবট ম্যাসাজ, খরচ কম আর ঝামেলাহীন