মার্কিন সেনাসদস্যকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি আরও দাবি করেছেন, কোনো নারী মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হাতামির ভাষ্য অনুযায়ী, এ ধরনের আর্থিক পুরস্কার কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুলসংখ্যক অনুরোধ পাওয়ার পরই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বর্তমানে চলমান উত্তেজনার মধ্যেও ইরানের ভূখণ্ডে মার্কিন স্থলবাহিনীর কোনো মোতায়েন বা সরাসরি উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। ফলে ঘোষণাটি কোন পরিস্থিতিকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইরানে একটি মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এর পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র।
ইরানের সেনাপ্রধান কোথায় বা কখন কথিত এসব অভিযান চালানো হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ফলে ঘোষিত পুরস্কার বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এমন ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে ঘোষণার বাস্তব প্রয়োগ এবং এর কার্যকারিতা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি।
সূত্রঃ এএফপ
এম.কে

