TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

মুসলিম শিশুদের দেখে ইসলামের প্রতি আকৃষ্টঃ মাইকেল জ্যাকসনের ভাইয়ের ইসলাম গ্রহণ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী এবং বিখ্যাত ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’-এর অন্যতম সদস্য জারমেইন জ্যাকসন ১৯৮৯ সালে ইসলাম গ্রহণ করেন। মধ্যপ্রাচ্য সফরের সময় শুরু হওয়া এক আধ্যাত্মিক অনুসন্ধানের মধ্য দিয়ে ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হয়।

 

ইসলাম রিলিজিয়ন ডটকমে প্রকাশিত নিজের অভিজ্ঞতার বর্ণনায় জারমেইন জানান, বোনের সঙ্গে মধ্যপ্রাচ্য সফরের সময় বাহরাইনে একদল মুসলিম শিশুর সঙ্গে তার পরিচয় হয়। শিশুরা নিজেদের ধর্মীয় বিশ্বাস নিয়ে গর্বের সঙ্গে কথা বলছিল। তাদের আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস তাকে গভীরভাবে প্রভাবিত করে। এরপর তিনি ইসলাম সম্পর্কে জানার আগ্রহী হয়ে ওঠেন।

পরবর্তী সময়ে মুসলিম আলেমদের সঙ্গে আলোচনা করেন এবং ইসলাম সম্পর্কে আরও পড়াশোনা শুরু করেন। বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। জারমেইনের ভাষ্য অনুযায়ী, ইসলাম গ্রহণের পর তার মনে হয়েছিল যেন তিনি নতুন করে জন্ম নিয়েছেন।

তিনি বলেন, ‘খ্রিষ্টধর্মে যেসব প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, ইসলামে সেসব প্রশ্নের উত্তর পেয়েছি।’ বিশেষ করে হজরত ঈসা (আ.) সম্পর্কে ইসলামের শিক্ষা তাকে আকৃষ্ট করে। ঈসা (আ.)-এর জন্ম ও নবী হিসেবে তার মর্যাদা সম্পর্কে ইসলামের ব্যাখ্যাকে তিনি বিশ্বাসযোগ্য বলে মনে করেন।

জারমেইন তার পরিবারের ধর্মীয় বিশ্বাস নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তার পরিবারের সদস্যরা যিহোবার সাক্ষি সম্প্রদায়ের অনুসারী হিসেবে বেড়ে উঠেছিলেন। পরবর্তী সময়ে সৌদি আরব সফর করে মক্কায় ওমরাহ পালন করেন তিনি। সেখানেই প্রকাশ্যে মুসলিম হওয়ার ঘোষণা দেন বলে প্রকাশিত বিবরণে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ফিরে নিজের নতুন ধর্মীয় বিশ্বাস ও জীবনে এর প্রভাব নিয়ে কথা বলতে শুরু করেন জারমেইন। ছোট ভাই মাইকেল জ্যাকসনকেও ইসলামের বিভিন্ন বই পড়তে দেন। এতে মাইকেল জ্যাকসনের মধ্যেও ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১০ সালে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারসহ বিভিন্ন সময়ে নিজের ধর্মীয় পরিবর্তন ও আধ্যাত্মিক অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন জারমেইন। সংগীতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। ১৯৮৯ সালে ইসলাম গ্রহণ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পরিবর্তন হিসেবে বিবেচিত হয়।

সূত্রঃ ইসলাম রিলিজিয়ন ডটকম \ অ্যাবাউট ইসলাম

এমকে

আরো পড়ুন

দক্ষিণ এশিয়ায় প্রভাব হারাচ্ছে ভারতঃ প্রতিবেশীরা ঝুঁকছে বহুমুখী কূটনীতির পথে

দ্য ওয়াশিংটন পোস্টের জরিপঃ অধিকাংশ আমেরিকান ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ সমর্থন করে না

নিউজ ডেস্ক

হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া