20.3 C
London
October 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

মোংলায় ১০০ মেগাওয়াটের ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের প্রস্তাব

বাংলাদেশের শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চীনের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মোংলায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রাথমিকভাবে মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানাগুলোতে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন ওভারসিজ লিমিটেড বা সিএনএনসি ওভারসিজ লিমিটেড এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। প্রকল্পটি এখনো প্রাথমিক ও অনুসন্ধানমূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, ছোট আকারের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে মোংলা চীনা অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানার চাহিদা পূরণে ব্যবহার করা হবে। সেখানে প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ রাখা হতে পারে।

প্রচলিত বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় ছোট আকারের এই ধরনের কেন্দ্র কম জায়গায় স্থাপন করা সম্ভব। ছোট মডুলার পারমাণবিক চুল্লি বা এসএমআর প্রযুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চলছে।

প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে চীনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বিনামূল্যে জমি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আমদানিতে সম্পূর্ণ শুল্ক ছাড়ের অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য চীনের কাছে অনুরোধ করা হয়েছে।

তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রকল্পটি নিয়ে কারিগরি নিরাপত্তা, পরিবেশগত প্রভাব, দীর্ঘমেয়াদি তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং আর্থিক শর্তসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটি এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। সম্ভাব্যতা, নিরাপত্তা, প্রযুক্তিগত বিষয় এবং বাংলাদেশের স্বার্থসহ সব দিক পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে মোংলা চীনা অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহের একটি বিশেষ ব্যবস্থা তৈরি হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ থাকলে তা দেশের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও ভূমিকা রাখতে পারে।

সূত্রঃ সিএনএনসি ওভারসিজ

এমকে

আরো পড়ুন

কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ড. ইউনূস

একীভূত হচ্ছে শরীয়াহভিত্তিক ব্যাংক, পরিচালনায় নতুন নীতিমালা

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটকঃ এবার বাংলাদেশেও আসতে পারে নিষেধাজ্ঞা!