TV3 BANGLA
আন্তর্জাতিক

যাত্রীকে ধর্ষণের দায়ে উবারকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবারকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। এক নারী অভিযোগ করেছিলেন, উবারের হয়ে কাজ করা এক চালক তাকে ধর্ষণ করেন।

 

এই রায়টি উবারের বিরুদ্ধে চলমান হাজারো মামলার ভবিষ্যৎ রায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

অ্যারিজোনা অঙ্গরাজ্যে হওয়া ফেডারেল মামলাটিতে দুই দিন ধরে জুরি পরামর্শ শেষে রায় ঘোষণা করেন। জুরি সিদ্ধান্তে বলেন, চালক উবারের হয়ে কাজ করার সময় যে অপরাধ সংঘটিত হয়েছে, তার দায় কোম্পানির ওপর বর্তায়।

তবে উবারের অবহেলা বা তাদের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল—এমন অভিযোগ গ্রহণ করেননি জুরি সদস্যরা।

মামলার বাদী জেইলিন ডিন জানান, ২০২৩ সালে একটি হোটেলে যাওয়ার সময় উবারে ওঠার পর গাড়ির ভেতরে তিনি যৌন নিপীড়নের শিকার হন।

তার অভিযোগ, উবার চালকদের মাধ্যমে সংঘটিত যৌন সহিংসতার বিষয়ে আগে থেকেই অবগত ছিল, কিন্তু যাত্রীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি।
জুরি ‘অ্যাপারেন্ট এজেন্সি’ নীতির আওতায় উবারকে দায়ী করেন। এই নীতির অর্থ হলো—কোনো ব্যক্তি যখন একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করেন, তখন তার কর্মকাণ্ডের দায় প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। এর ভিত্তিতেই ডিনকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে আদালত উবারের বিরুদ্ধে ১৪ কোটি ৪০ লাখ ডলারের বেশি দণ্ডমূলক ক্ষতিপূরণ আরোপের দাবি নাকচ করে দেন। জুরি মত দেন, এই মামলায় শাস্তিমূলক ক্ষতিপূরণ দেওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি পাওয়া যায়নি।

ডিনের পক্ষে প্রধান আইনজীবী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এই সিদ্ধান্ত সামনে আসা হাজারো ভুক্তভোগীর কণ্ঠকে স্বীকৃতি দিয়েছে। তার ভাষায়, প্রকৃত বিচার তখনই পূর্ণতা পাবে, যখন যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে উবার বাস্তব ও কার্যকর সংস্কার বাস্তবায়ন করবে।

এই মামলাটি উবারের বিরুদ্ধে দায়ের করা ২০টি তথাকথিত ‘বেলওয়েদার’ মামলার একটি। এসব মামলার রায় ভবিষ্যতে উবারের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় ২,৫০০টি ফেডারেল মামলার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে।

বাদীপক্ষের আরেক আইনজীবী আদালতে বলেন, উবার নিজেকে রাতের বেলায় একা ভ্রমণ করা নারীদের জন্য নিরাপদ পরিবহন হিসেবে প্রচার করেছে। তার মতে, সেই প্রচারণার কারণেই অনেক নারী উবারকে নিরাপদ মনে করে ব্যবহার করেছেন।
উবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের প্ল্যাটফর্মে কাজ করা চালকেরা স্বাধীন ঠিকাদার এবং চালকদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কোম্পানিকে দায়ী করা উচিত নয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, চালকদের নিয়োগের আগে ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না।

রায়ের প্রতিক্রিয়ায় উবারের এক মুখপাত্র বলেন, জুরি উবারের অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

কাবা শরিফে ইফতার নিয়ে বিশেষ নির্দেশনা

ভুতের সঙ্গে বিয়ে ও পরে বিচ্ছেদ

ইরানের ভয়ে ২৮ দেশে দূতাবাস বন্ধ করলো ইসরাইল