সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করার দিকে মনোযোগ দিতে তিনি লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের এমপি পদ ছাড়ছেন।
তার পদত্যাগের ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন সরকারের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচনী পরীক্ষা।
ক্যামডেন নিউ জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন, এখন এমপি পদ থেকে সরে দাঁড়ানোর জন্য এটিই “সঠিক সময়”। তিনি জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক বিষয়—বিশেষ করে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি—নিয়ে কাজ করতে চান।
স্টারমার বলেন, হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের মানুষের প্রতিনিধিত্ব করা তার জন্য “বিশাল সম্মানের ” ছিল। তিনি উল্লেখ করেন, আসনটির সাবেক এমপি এবং সাবেক লেবার সরকারের সদস্য ফ্র্যাঙ্ক ডবসনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তির মতো বিষয়গুলোতে তিনি এখন মনোযোগ দেবেন।
নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের কাজও অব্যাহত রাখার কথা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমপি হওয়ার আগেই অন্যদের সঙ্গে নিয়ে এ বিষয়ে কাজ শুরু করেছিলেন এবং সংসদ সদস্য পদ ছাড়ার পরও সেই কাজ চালিয়ে যেতে চান।
স্টারমার বলেন, ভবিষ্যতে তার কাজের দুটি প্রধান দিক থাকবে—একদিকে আন্তর্জাতিক বিষয়, অন্যদিকে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ অব্যাহত রাখা।
প্রতিবেদন অনুযায়ী, স্টারমার চলতি বছরের জুনে লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পর দলীয় নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং শেষ পর্যন্ত অ্যান্ডি বার্নহাম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জুলাইয়ে বার্নহাম ১০ ডাউনিং স্ট্রিটের দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় নির্বাচনে দুর্বল ফলাফলের পর স্টারমার দলীয় সমর্থন হারানোর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।
স্টারমারের এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তবে একই সঙ্গে তিনি স্টারমারের সিদ্ধান্তের সমালোচনাও করেন।
হলিনরেক বলেন, স্টারমারের অধিকাংশ সিদ্ধান্তের সঙ্গে কনজারভেটিভদের মতপার্থক্য থাকলেও তিনি স্টারমার ও তার পরিবারের মঙ্গল কামনা করেন। তার মতে, স্টারমারের এমপি হিসেবে শেষ সিদ্ধান্তটি আবারও অবস্থান পরিবর্তনের উদাহরণ হয়ে থাকল।
হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে উপনির্বাচনের মাধ্যমে নতুন একজন এমপি নির্বাচিত হবেন। কনজারভেটিভ পার্টি জানিয়েছে, এই নির্বাচনে তারা অর্থনীতি শক্তিশালী করা এবং দেশকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাবে।
স্টারমার প্রায় ১১ বছর ধরে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের প্রতিনিধিত্ব করেছেন। সংসদ থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে তার নতুন ভূমিকা এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে তার দীর্ঘদিনের কাজ অব্যাহত রাখার বিষয়টি এখন বিশেষভাবে আলোচনায় এসেছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে

