যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রচলিত প্রধান দুই দল লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে রিফর্ম ইউকের দ্রুত উত্থান এবং গ্রীন পার্টির সীমিত অগ্রগতি দেশটির রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
রাতভর ঘোষিত ফলাফলে স্পষ্ট হয়েছে, লেবার পার্টি তাদের বহু ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটিতে পরাজিত হয়েছে। হার্টলপুল, রেডডিচ এবং ট্যামওয়ার্থসহ একাধিক এলাকায় তারা নিয়ন্ত্রণ হারায়। বিশেষ করে টেমসাইডে দলের ভরাডুবি পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে, যেখানে বহু বছর ধরে থাকা আধিপত্য ভেঙে যায়। অনেক ক্ষেত্রে নিরাপদ বলে বিবেচিত আসনগুলোও দলটির হাতছাড়া হয়েছে।
অন্যদিকে কনজারভেটিভ পার্টিও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একাধিক এলাকায় তাদের ভোটব্যাংক ভেঙে পড়ায় স্থানীয় পরিষদের নিয়ন্ত্রণ হারাতে হয়েছে। কিছু এলাকায় তাদের পরাজয়ের মাত্রা গত নির্বাচনের তুলনায় আরও বেশি গভীর হয়েছে।
সবচেয়ে বড় লাভবান হিসেবে উঠে এসেছে রিফর্ম ইউকে। দলটি একদিকে কনজারভেটিভদের কাছ থেকে এবং অন্যদিকে লেবার পার্টির দীর্ঘদিনের ঘাঁটিগুলো থেকেও আসন ছিনিয়ে নিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। বিভিন্ন কাউন্সিলে তারা উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করেছে।
অন্যদিকে গ্রীন পার্টি ভোট বৃদ্ধির মুখ দেখলেও তাদের সেই ভোট অনেক ক্ষেত্রে আসনে রূপান্তরিত হয়নি। কিছু এলাকায় তারা ভোট শেয়ার বাড়ালেও সামগ্রিকভাবে বড় রাজনৈতিক সুবিধা নিতে পারেনি।
বিশ্লেষকদের মতে, এবারের ফলাফল দেখাচ্ছে যে ব্রিটিশ রাজনীতিতে প্রচলিত দুই দলীয় আধিপত্য দুর্বল হয়ে পড়ছে। লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির ঐতিহ্যবাহী ভোটভিত্তি ভেঙে পড়ার পাশাপাশি রিফর্ম ইউকের দ্রুত উত্থান এবং গ্রীন পার্টির ধীর অগ্রগতি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন চিত্র তৈরি করতে পারে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে

