যুক্তরাজ্যের ভিডাব্লিউপি বিভাগ চলতি মাসে লাখো ভাতাপ্রাপ্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। ব্যাংক হলিডের কারণে যেসব সরকারি ভাতা ৩১ আগস্ট পরিশোধ হওয়ার কথা ছিল, সেগুলো নির্ধারিত সময়ের তিন দিন আগেই, অর্থাৎ ২৮ আগস্ট শুক্রবার পরিশোধ করা হবে।
সরকার জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে পরিবারগুলো যেন নিশ্চিন্তে খরচের পরিকল্পনা করতে পারে এবং ব্যাংক হলিডের কারণে কেউ যেন অর্থপ্রাপ্তিতে বিঘ্নের মুখে না পড়ে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগাম পরিশোধের আওতায় রয়েছে ইউনিভার্সেল ক্রেডিট, স্টেইট পেনশন, পি আই পি, এটেন্ড্যান্স এলাউয়েন্স, কেয়ারার এলাউয়েন্স, ডিজেবিলিটি ও লিভিং এলাউয়েন্স এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ কর্মসূচির অর্থ।
স্যোশাল সিকিউরিটি ও ডিসেবিলিটি বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস বলেছেন, ব্যাংক হলিডের কারণে যাতে কোনো পরিবার বা বয়স্ক ব্যক্তি তাদের প্রাপ্য অর্থ পেতে দেরির শিকার না হন, সেজন্য সরকার আগাম অর্থ পরিশোধের ব্যবস্থা করেছে।
তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সরকার জ্বালানি বিল কমানো, জাতীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি, শিশু দারিদ্র্য কমানো এবং মানুষকে নিরাপদ কর্মসংস্থানে সহায়তার মতো বিভিন্ন পদক্ষেপও বাস্তবায়ন করছে।
আগামী ১ সেপ্টেম্বর ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। ফলে আগাম ভাতা পাওয়ায় স্কুলের পোশাক, বই-খাতা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে অনেক পরিবার স্বস্তি পাবে বলে সরকারের আশা।
এদিকে সেপ্টেম্বর থেকেই ইংল্যান্ডে স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নতুন আইন কার্যকর হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যালয়গুলো সর্বোচ্চ তিনটি লোগোযুক্ত ইউনিফর্ম বাধ্যতামূলক করতে পারবে, আর মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত হিসেবে টাই রাখা যাবে। সরকারের ধারণা, এই পরিবর্তনের ফলে প্রতি শিশুর ক্ষেত্রে কিছু পরিবারের প্রায় ৫০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হতে পারে।
সূত্রঃ মেট্রো
এম.কে

