8.3 C
London
October 17, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিটসহ ভাতা গ্রহণকারীর ব্যাংক হিসাব যাচাই করতে পারবে ডিডব্লিউপি

যুক্তরাজ্যে সামাজিক নিরাপত্তা ভাতায় অনিয়ম ও ভুল অর্থ প্রদান শনাক্ত করতে নতুন ক্ষমতা পেয়েছে দেশটির কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি)। নতুন নিয়মে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট তথ্য সরবরাহের অনুরোধ জানাতে পারবে বিভাগটি। এর মাধ্যমে ভাতা গ্রহণকারীদের যোগ্যতা যাচাই এবং সরকারি অর্থের ভুল প্রদান শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ‘এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার’ বা যোগ্যতা যাচাই ব্যবস্থার আওতায় ডিডব্লিউপি ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তির আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

নতুন ব্যবস্থার আওতায় ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট এবং নিউ স্টাইল এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাওয়েন্স গ্রহণকারীরা যাচাইয়ের আওতায় আসবেন। ব্যাংক থেকে হিসাবধারীর নাম, হিসাব নম্বর এবং হিসাবে কত অর্থ রয়েছে—এ ধরনের তথ্য সংগ্রহ করা হতে পারে। বিদেশে সংঘটিত লেনদেনের তারিখসংক্রান্ত তথ্যও চাওয়া হতে পারে।

তবে ডিডব্লিউপি জানিয়েছে, নতুন ক্ষমতার অর্থ এই নয় যে তারা সরাসরি কারও অনলাইন ব্যাংকিংয়ে প্রবেশ করতে পারবে কিংবা রিয়েল টাইমে ব্যাংক হিসাব পর্যবেক্ষণ করতে পারবে। একইভাবে, পূর্ণাঙ্গ ব্যাংক বিবরণী, ব্যক্তির প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট লেনদেনের স্থানও তাদের দেখার সুযোগ থাকবে না।

এ ছাড়া ব্যক্তির রাজনৈতিক মতামত কিংবা ধর্মীয় বিশ্বাসের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষমতাও এই ব্যবস্থার আওতায় দেওয়া হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

ব্যাংক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি ভুল পরিমাণ ভাতা পাচ্ছেন বা আদৌ ভাতা পাওয়ার যোগ্য নন—এমন সন্দেহ তৈরি হলে ডিডব্লিউপি তার দাবি পর্যালোচনা করতে পারবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। যাচাই চলাকালে পরিস্থিতি অনুযায়ী ভাতা প্রদানে বিলম্ব হতে পারে, এমনকি অর্থ প্রদান বন্ধও হয়ে যেতে পারে।

ডিডব্লিউপি জানিয়েছে, কারও ব্যক্তিগত পরিস্থিতির পরিবর্তনের কারণে ভাতা পাওয়ার যোগ্যতা বা প্রাপ্য অর্থের পরিমাণ বদলে গেলে যত দ্রুত সম্ভব তা বিভাগকে জানাতে হবে।

ভাতার আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া কিংবা পরিস্থিতির পরিবর্তন গোপন রাখার কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হলে সেই অর্থ ফেরত দিতে হতে পারে। গুরুতর ক্ষেত্রে মামলা এবং জরিমানার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

বিভাগটির ভাষ্য অনুযায়ী, অনলাইন অ্যাকাউন্ট থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির অনলাইন জার্নালের মাধ্যমে যোগাযোগ করা হবে। অন্য ক্ষেত্রে ফোন, চিঠি বা খুদে বার্তার মাধ্যমে জানানো হতে পারে। এ ধরনের যোগাযোগ পেলে দ্রুত উত্তর দেওয়ার পরামর্শ দিয়েছে ডিডব্লিউপি, যাতে ভাতা প্রদানে অপ্রয়োজনীয় বিলম্ব বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এড়ানো যায়।

নতুন ব্যবস্থার কার্যক্রমে আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা একজন স্বাধীন পর্যালোচক পর্যবেক্ষণ করবেন। এ-সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাজ্যের পার্লামেন্টে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছে ডিডব্লিউপি।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

২০২৫ সাল থেকে যুক্তরাজ্য ভ্রমণে লাগবে ই-ভিসা

যুক্তরাজ্যে নতুন রেস্টুরেন্টে নেই কোনও টেবিল — খাবার দেওয়া হচ্ছে সোজা মেঝেতেই

শিক্ষার্থীদের আলিঙ্গন ও হাত ধরা নিষিদ্ধ ব্রিটেনের এক স্কুলে