TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এশিয়ার শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডর জার্ডিন স্কলারশিপ কর্মসূচির অবসান

এশিয়ার মেধাবী শিক্ষার্থীদের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেওয়া দীর্ঘদিনের একটি বৃত্তি কর্মসূচি ৪৪ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। হংকংভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান জার্ডিন ম্যাথেসনের প্রতিষ্ঠিত জার্ডিন ফাউন্ডেশন এই সিদ্ধান্ত নিয়েছে।

ফাউন্ডেশন জানিয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজের স্নাতক পর্যায়ের বৃত্তি কর্মসূচির আওতায় চলতি বছরের শেষ দিকে যারা পড়াশোনা শুরু করবেন, তারাই এই কর্মসূচির শেষ ব্যাচ হিসেবে বিবেচিত হবেন। এরপর বৃত্তির অর্থ এশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ব্যবহার করা হবে।

জার্ডিন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এশিয়ার যেসব অঞ্চলে জার্ডিনসের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেসব এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার বিষয়ে ফাউন্ডেশন ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তবে অক্সফোর্ড ও কেমব্রিজের স্নাতক পর্যায়ের নির্দিষ্ট বৃত্তি কর্মসূচির পরিবর্তে এশিয়ার প্রতিষ্ঠানগুলোর দিকে অর্থায়নের পরিমাণ ও পরিধি বাড়ানো হবে।

তবে বর্তমান জার্ডিন স্কলারদের বৃত্তি বাতিল হচ্ছে না। ইতোমধ্যে যারা অক্সফোর্ড ও কেমব্রিজে পড়াশোনা করছেন, তাদের পাশাপাশি চলতি বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্যও নির্ধারিত সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে অক্সফোর্ড ও কেমব্রিজে জার্ডিন ফাউন্ডেশনের বিদ্যমান স্নাতকোত্তর বৃত্তি কর্মসূচিও চালু থাকবে।

জার্ডিন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। জার্ডিন ম্যাথেসনের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল এশিয়ার বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা।

প্রাথমিক পর্যায়ে অক্সফোর্ড ও কেমব্রিজের নির্দিষ্ট কয়েকটি কলেজে পূর্ণ বৃত্তি দেওয়ার মাধ্যমে কর্মসূচিটির যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে এটি এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও অংশীদারত্ব গড়ে তোলে। এর মধ্যে হংকং বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার গাদজাহ মাদা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত স্নাতক পর্যায়ের বৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীরা এক্সেটার কলেজ, ওরিয়েল কলেজ, দ্য কুইন্স কলেজ ও ট্রিনিটি কলেজের মতো নির্দিষ্ট কলেজে পড়াশোনার সুযোগ পেতেন।

হংকং, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ও তাইওয়ানের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারতেন।

দীর্ঘ ৪৪ বছর ধরে পরিচালিত এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিরা। এর সাবেক চেয়ারম্যানদের মধ্যে ছিলেন শিল্প-ইতিহাসবিদ ডানকান রবিনসন, ব্রিটিশ কূটনীতিক স্যার আইভার রবার্টস এবং ইংরেজ গণিতবিদ জিওফ্রে গ্রিমেট।

জার্ডিন ম্যাথেসন হংকংয়ের অন্যতম পুরোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি, যার ইতিহাস ইম্পেরিয়াল চীনের সময় পর্যন্ত বিস্তৃত। প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের বৃত্তি কর্মসূচি চার দশকেরও বেশি সময় ধরে এশিয়ার শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ তৈরি করেছে।

তবে এবার সেই ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। জার্ডিন ফাউন্ডেশন জানিয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজের স্নাতক বৃত্তি কর্মসূচি শেষ হলেও এশিয়ায় উচ্চশিক্ষায় বিনিয়োগ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্রঃ অক্সফোর্ড মেইল

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে জরুরি সেবায় সময় বাঁচাতে আধুনিক পূর্বাভাস ব্যবস্থা চালু

ফ্রান্সের অভিবাসী আশ্রয়কেন্দ্রে তহবিল সহায়তা করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে মর্গেজের রেট বাড়ছে