12.5 C
London
May 16, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে করবিনের লেবারে ফেরা ‘অসম্ভব’: মেকারফিল্ডে বার্নহামের প্রার্থিতা অনুমোদন

জেরেমি করবিন লেবার পার্টিতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন। অ্যান্ডি বার্নহাম যদি লেবারের পরবর্তী নেতা হন, তাহলেও করবিন ফিরবেন না বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

করবিনের সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল শুক্রবার টাইমস রেডিওতে বলেন, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম লেবারের নেতৃত্বে এলে তিনি করবিনকে দলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব তুলবেন এবং ব্যক্তিগতভাবে বার্নহামের সঙ্গে আলোচনা করবেন। তবে করবিনের খুব কাছের একটি সূত্র স্কাই নিউজকে স্পষ্টভাবে জানিয়েছে, “সেই জাহাজ ছেড়ে গেছে।”

বর্তমানে স্বতন্ত্র এমপি জেরেমি করবিন গত বছর জারাহ সুলতানার সঙ্গে মিলে ইয়োর পার্টি নামে নতুন বামপন্থী দল গঠন করেছেন এবং এর সংসদীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটি গণসমাজতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও শুরু থেকেই নানা সংকটে পড়েছে।

এদিকে লেবার পার্টির গভর্নিং বডি (এনইসি) অ্যান্ডি বার্নহামকে আসন্ন মেকারফিল্ড উপনির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচনার অনুমতি দিয়েছে। ২১ মে চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে। বার্নহামকে বর্তমানে স্যার কিয়ার স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বামপন্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে।

লেবারের সাবেক নীতি প্রধান অ্যান্ড্রু ফিশার বলেন, “এনইসি ও কিয়ার স্টারমার গর্ডন অ্যান্ড ডেন্টন উপনির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। সেবার প্রার্থী আটকে দেওয়ায় গ্রিন পার্টি জয়লাভ করে। এবার তাই বার্নহামকে আটকানো অযৌক্তিক হতো। পার্টির ভেতরে তার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে।”

উল্লেখ্য যে, জেরেমি করবিন ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত লেবারের নেতা ছিলেন। ২০২০ সালে অ্যান্টিসেমিটিজম প্রতিবেদন নিয়ে বিতর্কের জেরে স্টারমার তাকে সাসপেন্ড করেন। করবিন ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইজলিংটন নর্থ আসনটি ধরে রাখেন।

লেবারের বামপন্থী সোশ্যালিস্ট ক্যাম্পেইন গ্রুপের অনেক এমপি এখনও করবিনকে ফিরিয়ে আনতে আগ্রহী। কেউ কেউ তাকে গ্রিন পার্টিতে যোগ দেওয়ার পরামর্শও দিচ্ছেন, যারা নতুন নেতা জ্যাক পোলানস্কির নেতৃত্বে জনমত জরিপে ভালো করছে।

এদিকে মেকারফিল্ড ঐতিহ্যগতভাবে লেবারের নিরাপদ আসন হলেও সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকে বড় ধরনের সাফল্য পেয়েছে। বার্নহামের পক্ষে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় সংযোগ সুবিধা হলেও রিফর্মের উত্থান এবং কিছু নীতির স্থানীয় প্রভাব তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক বলেন, “লেবারের নেতৃত্ব পরিবর্তন কোনো সমস্যার সমাধান করবে না। সমস্যা হলো লেবার পার্টি নিজেই। তাদের সরকার চালানোর কোনো পরিকল্পনা ছিল না।” তথ্যমতে জানা যায়, একজন রিফর্ম এমপি টোরিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা সরে দাঁড়িয়ে রিফর্মকে স্পষ্ট সুযোগ করে দেয়।

লেবার এখন মেকারফিল্ডে তীব্র প্রচার চালাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন এমপি ডোর টু ডোর প্রচারণা শুরু করেছেন। ২১ মে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে ব্রিটেনের ল’ফার্মগুলোতে ছাড়ের প্রতিযোগিতা!

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডে মেডিকেল এসিস্ট্যান্টরা প্রেসক্রিপশন প্রদানের ক্ষমতা পেতে যাচ্ছে

নিউজ ডেস্ক

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারীর সংখ্যা ২ লাখ অতিক্রম করেছে